কুমিল্লা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে শায়খ রহমানের ছেলে নাবিল রহমানের পালানোর চেষ্টার ঘটনা তদন্তে দুই সদস্যের একটি কমিটি করা হয়েছে।
কুমিল্লার জেলা প্রশাসক মো. মনজুরুর রহমান সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান।
কুমিল্লা কারাগারে আটক নাবিল রহমানসহ পাঁচ জঙ্গি রোববার রাতে কারাগার থেকে পালানোর চেষ্টা চালায়। পরে এলাকাবাসীর সহায়তায় কারারক্ষীরা তাদের আটক করে।
গঠিত তদন্ত কমিটিতে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোস্তাফিজুর রহমান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম।
কমিটি সোমবার কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে তাদের তদন্তের কাজ শুরু করেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কারা কর্মকর্তা জানান। তিনি জানান, কমিটির সদস্যরা কারারক্ষীদের জিজ্ঞাসাবাদ করেছেন।
এদিকে রোববারের ঘটনার পর কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মৃত্যুদণ্ডে দণ্ডিত জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমানের ছেলে নাবিল রহমানের যেসব সঙ্গী নিয়ে রোববার কারাগারের দেয়াল টপকে পালানোর চেষ্টা চালিয়েছিলেন, তারা হলেন, রঙ্গলা, গালিব, আরশাফুল আলম ও ছোটন। এদের মধ্যে নাবিল ও গালিব দেয়াল পারও হয়ে যায়। কিন্তু দেয়ালের বাইরে লোকজন তাদের ধরে ফেলে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৫২ ঘ.
bdnews24