ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় রোববার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের জবানবন্দি নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মামলাটির তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার ফজলুল কবীর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ধ্যা ৭টার একটু আগে থেকে ৯টা পর্যন্ত জিল্লুর রহমানের গুলশানের বাসায় জবানবন্দি নেওয়া হয়। তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা ঘটনা যেভাবে দেখেছেন তার বিস্তারিত বর্ণনা দেন। তার কাছে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি।"
জিল্লুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিআইডি পুলিশ প্রায় আড়াই ঘণ্টা আমার বক্তব্য নিয়েছে। ২১ আগস্টের ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে তারা আমার সাক্ষ্য নিতে এসেছিল। আমি যা দেখেছি--যা জানি সব তাদের বলেছি।"
ফজলুল কবীর জানান, আওয়ামী লীগের আরও কয়েকজন শীর্ষ নেতাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা থাকলেও কয়েকজন ঘূর্ণিঝড় দুর্গত এলাকায় যাওয়ায় এ মুহূর্তে তা সম্ভব হচ্ছে না।
সিআইডি'র বিশেষ পুলিশ সুপার নওশের আলী ও অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আব্দুল্লাহ মো. আরেফও জবানবন্দি নেওয়ার সময় জিল্লুর রহমানের বাসায় ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসইউএম/জিএমএ/এমএইচবি/২২২১ ঘ.
bdnews24