২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গত এলাকায় ঋণের কিস্তি আদায় আপাতত স্থগিত করেছে কয়েকটি এনজিও

দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের কাছ থেকে ঋণের কিস্তি আদায় দুই সপ্তাহের জন্য স্থগিত করেছে বেসরকারি সংস্থা আশা। গ্রামীণ ব্যাংক ও সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশ (স্যাপ) এর গলাচিপা শাখার কর্মকর্তারা দুই সপ্তাহের জন্য কিস্তি আদায় স্থগিত করার কথা জানালেও কেন্দ্রীয় কার্যালয়ের কারো সঙ্গে এ ব্যাপারে কথা বলা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2007, 01:37 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ঢাকা,২৪ নভেম্বর ( বিডিনিউজ টয়েন্টিফোর ডটকম)- দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের কাছ থেকে ঋণের কিস্তি আদায় দুই সপ্তাহের জন্য স্থগিত করেছে বেসরকারি সংস্থা আশা। গ্রামীণ ব্যাংক ও সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশ (স্যাপ) এর গলাচিপা শাখার কর্মকর্তারা দুই সপ্তাহের জন্য কিস্তি আদায় স্থগিত করার কথা জানালেও কেন্দ্রীয় কার্যালয়ের কারো সঙ্গে এ ব্যাপারে কথা বলা যায়নি। এছ্ড়াা ক্ষুদ্র ঋণের বিপরীতে বীমা চালুর জন্য একাধিক এনজিও প্রধানের সঙ্গে সরকার যোগাযোগ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব কাজী মো. আমিনুল ইসলাম। আশার চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা শফিকুল হক চৌধুরী শনিবার বিডিনিউজ টয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুর্গত এলাকায় ঋণ গ্রহীতাদের কাছ থেকে কিস্তি আদায় স্থগিত করা হয়েছে।" তিনি বলেন, "নতুন করে তাদের (ঋণ গ্রহীতাদের) কীভাবে ঋণ দেওয়া যায়, তাদের কি পরিমাণ ঋণ দরকার এবং পুরনো ঋণের ব্যাপারে কি করা যায় সে বিষয়ে আমরা খুব শিগগিরই আমাদের পরিকল্পনা জানাব।" শুক্রবার গ্রামীণ ব্যাংকের গলাচিপা শাখার ব্যবস্থাপক মঞ্জুর মোর্শেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, তারা অসহায় মানুষদের সমস্যা বোঝেন। তাদের ঋণ আদায় আপাতত বন্ধ রাখা হয়েছে। অবশ্য দুসপ্তাহ পর আবার কিস্তি আদায় করা হবে কিনা তা বোঝা যাবে প্রধান কার্যালয়ের নির্দেশনা পাওয়ার পর।" সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশ (স্যাপ) এর গলাচিপা প্রকল্প ব্যবস্থাপক এম এ আল মামুন মজুমদার বলেন, "আমরা ঋণ গ্রহীতাদের কাছ থেকে কিস্তির টাকা আদায় দুসপ্তাহের জন্য স্থগিত করেছি।" তিনি বলেন, "ঝড়ে ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্য সহায়তার দিকে আমরা দৃষ্টি দিচ্ছি। আমাদের পক্ষ থেকে এখনো ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কোনো পরিকল্পনা নেওয়া হয়নি।" প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব কাজী মো. আমিনুল ইসলাম বিডিনিউজ টয়েন্টিফোর ডটকমকে বলেন, "ক্ষুদ্র ঋণ খাতে বীমা চালু করার জন্য একাধিক এনজিওকে বলা হয়েছে।" এ খাতে বীমা চালু করা হলে ঋণ গ্রহীতা ও ঋণ দাতা উভয় পক্ষই সুবিধা পেতে পারে বলেও তিনি জানান। বিডিনিউজ টয়েন্টিফোর ডটকম/ এএইচডি-ইএইচবি/এআরএইচ/এমএসবি/এমএ/১৯২৫ ঘ.