ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় ত্রাণ কাজে সব রাজনৈতিক দল ও দেশপ্রেমিক মানুষকে অংশ নেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
দুর্গত এলাকায় বিনামূল্যে সার, বীজ ও শিক্ষা উপকরণ বিতরণ এবং সহজ শর্তে ও বিনা সুদে কৃষি ও গৃহনির্মাণ ঋণের ব্যবস্থা নেয়ার জন্যও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি। এর পাশাপাশি ত্রাণ কাজে অংশ নিতে মার্কিন রণতরী এবং সেনাবাহিনীর বাংলাদেশে আসার বিরোধিতাও করে তারা।
শনিবার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ সব কথা জানায় সিপিবি।
দুর্যোগ কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করে আসা সিপিবি সভাপতি মনজুরুল আহসান খান সংবাদ সম্মেলনে বলেন, "সব রাজনৈতিক দল ও দেশপ্রেমিক মানুষকে ত্রাণ কাজে অংশ নিতে হবে। না হলে ওই এলাকার মানুষকে বাঁচানো যাবে না।"
তিনি জানান, ঘূর্ণিঝড় কবলিত অনেক এলাকায় এখনো লাশ পড়ে রয়েছে। লাশ সরানোর লোক খুঁজে পাওয়া যাচ্ছে না।
সিপিবি সভাপতি দুর্গত এলাকার মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী, ওষুধ ও চিকিৎসক দল পাঠানোর দাবি জানান। এর পাশাপাশি দুর্গতদের পুনর্বাসনে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি (টিআর) ও ভিজিএফ চালু, বিনামূল্যে সার, বীজ ও শিক্ষা উপকরণ বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠান মেরামত এবং সহজ শর্তে বিনা সুদে কৃষি ও গৃহনির্মাণ ঋণের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।
ত্রাণ কাজে অংশ নিতে যুক্তরাষ্ট্রের জাহাজ এবং সেনাবাহিনীর বাংলাদেশে আসার বিরোধিতা করে মনজুরুল আহসান খান বলেন, "তারা সাহায্য দিতে চাইলে নেয়া যায়, কিন্তু তাদের বাংলাদেশে আসা মেনে নেয়া যায় না। কারণ তারা সেখানে গেছে সেখানেই প্রভুত্ব বিস্তারের চেষ্টা চালিয়েছে। এভাবে গিয়েই ইরাক ও ভিয়েতনামকে তারা ধ্বংস করেছে।"
দুর্গতদের সাহায্যে ত্রাণ সামগ্রী পাঠাতে ইসরাইলের আগ্রহের প্রসঙ্গে সিপিবি সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, "তারা(ইসরাইল) প্রতিনিয়তই ফিলিস্তিনে বোমা মারছে। আমাদের পাসপোর্টে বিশ্বের প্রতিটি দেশের সঙ্গে সম্পর্ক স্থাপনের স্বীকৃতি থাকলেও নেই শুধু ইসরাইলের নাম। তাই তাদের ত্রাণ সামগ্রী নেয়া গ্রহণযোগ্য নয়।"
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিপিবির ত্রাণ কমিটির সমন্বয়ক মাহবুব আলম, কেন্দ্রীয় নেতা মোরশেদ আলী প্রমুখ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/এমএ/১৫০৪ঘ.
bdnews24