ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ও পুনর্বাসন কাজে প্রায় ৭০ কোটি টাকা দেবে নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, আইসল্যান্ড ও ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অফ কমার্স (বিবিসিসি)। শুক্রবার নর্ডিক অঞ্চলের এ চারটি দেশ ও বিবিসিসি এ কথা জানিয়েছে।
দক্ষিণাঞ্চলের ক্ষতিগ্রস্ত ১৫ জেলায় ত্রাণ ও পুনর্বাসনের জন্য প্রায় ৩৮ কোটি টাকা দেবে ওই চারটি দেশ। অন্যদিকে বিবিসিসি দেবে প্রায় ৩০ কোটি টাকা।
এ অনুদানের সবচেয়ে বড় অংশ ২৯ কোটি টাকা (দুই মিলিয়ন পাউন্ড স্টার্লিং) দিচ্ছে বিবিসিসি ও বেসরকারি সংস্থা অক্সফাম।
এছাড়া সমাজকর্মী আবদুস সাত্তার ইধি দিচ্ছেন এক কোটি ২৯ লাখ টাকা।
লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার আশরাফ উদ্দিন ই- মেইলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিবিসিসি এর ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান আমাদের আশ্বস্ত করেছেন তার সংগঠন ও অক্সফাম প্রাথমিকভাবে দুই মিলিয়ন পাউন্ড দেবে।"
হাইকমিশনার জানান, ভবিষ্যতে তারা আরও বেশি অনুদান দিতে পারে।
সুইডেনের স্টকহোমের বাংলাদেশ দূতাবাস থেকে পাওয়া একটি সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, নরওয়ে ঘূর্ণিঝড় সিডরের আঘাতে ক্ষতিগ্রস্তদের জন্য ২৩ কোটি ১৭ লাখ টাকা (১৮ মিলিয়ন নরওয়েজিনিয়ান ক্রোনার) অনুদান দেবে।
সংবাদ বিজ্ঞপ্তি আরও বলা হয়, সুইডেন সাত কোটি ৭৬ লাখ (সাত মিলিয়ন সুইডিশ ক্রোনা), ডেনমার্ক ছয় কোটি ৯৩ লাখ (পাঁচ মিলিয়ন ডেনিশ ক্রোন) ও আইসল্যান্ড সাড়ে ৩৩ লাখ টাকা (তিন মিলিয়ন আইসল্যান্ড ক্রোনা) দেবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমএসবি/এমএইচবি/০১১৬ ঘ.
bdnews24