ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সম্পত্তির হিসাব না দেওয়ার অভিযোগে আওয়ামী লীগ নেতা মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়ার ছেলে দীপু চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সহকারী পরিদর্শক মো. ইব্রাহীম বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সূত্রাপুর থানায় মামলাটি করেন।
সূত্রাপুর থানার উপ-পরিদর্শক বোরহানউদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুদক গত ২৫ সেপ্টেম্বর দীপু চৌধুরীকে তার সম্পত্তির হিসাব বিবরণী জমা দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু নির্ধারিত সাত কর্মদিবস পার হলেও দীপু চৌধুরী তার হিসাব বিবরণী জমা দেননি। এ কারণে মামলাটি দায়ের করা হয়েছে।"
দুদক নিজস্বভাবে মামলাটি তদন্ত করবে বলে তিনি জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএসবি/এমএইচবি/০০১৭ ঘ.
bdnews24