২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস উদগিরণ রোধে তিন নম্বর কূপ বন্ধ করে দেবে তিতাস

তিতাস গ্যাস ক্ষেত্রের বাইরে কয়েকটি স্থানে গ্যাস উদগিরণ রোধ করতে ক্ষেত্রটির তিন নম্বর কূপ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এই কূপেরই কোনও ছিদ্রের কারণে গ্যাস বের হয়ে আসছে বলে ধারণা করা হচ্ছে। ডিসেম্বরের মাঝামাঝি কূপ বন্ধের কাজ শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2007, 05:28 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- তিতাস গ্যাস ক্ষেত্রের বাইরে কয়েকটি স্থানে গ্যাস উদগিরণ রোধ করতে ক্ষেত্রটির তিন নম্বর কূপ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এই কূপেরই কোনও ছিদ্রের কারণে গ্যাস বের হয়ে আসছে বলে ধারণা করা হচ্ছে। ডিসেম্বরের মাঝামাঝি কূপ বন্ধের কাজ শুরু হবে। এছাড়া নতুন কূপ খনন করে ধাপে ধাপে পুরনো কূপগুলো বন্ধ করার চিন্তা ভাবনা করছে তিতাস গ্যাস ফিল্ড পরিচালনাকারী প্রতিষ্ঠান বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড। বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আবেদিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্যাস উদগিরণ হয় এমন তিনটি কূপ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে একটি বন্ধ করা হবে। ডিসেম্বর নাগাদ এর কাজ শুরু হবে।" তিতাস গ্যাস ক্ষেত্র সূত্রে জানা গেছে, গত বছর নভেম্বর মাসের শেষ দিকে গ্যাস ক্ষেত্রের বাইরে কয়েকটি স্থান দিয়ে গ্যাস বেরিয়ে আসার ঘটনা ধরা পড়ে। ধারণা করা হচ্ছে, তিন নম্বর কূপেরই কোনও ছিদ্র দিয়ে গ্যাস বেরিয়ে আসছে। শহীদুল আবেদিন জানান, প্রায় ৪০ বছরের পুরনো এ কূপটি বন্ধ করে দিলে গ্যাস উদগিরণ রোধ হতে পারে। এছাড়া নয় ও দশ নম্বর কূপেও ত্র"টি রয়েছে বলে মনে করা হচ্ছে। বিদেশি প্রতিষ্ঠান 'বুটস অ্যান্ড কুটস' কূপ বন্ধের কাজ করবে বলে তিনি জানান। শহীদুল আবেদিন বলেন, "বিশেষ ধরনের কাদা দিয়ে কূপটি বন্ধ করা হবে।" কোম্পানির জেনারেল ম্যানেজার আবদুল আখের আউয়াল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিন নম্বর কূপে ভূগর্ভে ছিদ্র রয়েছে। কূপটি বন্ধ করার পর অবস্থা বোঝা যাবে। যদি গ্যাস উদগিরণ বন্ধ না হয় তাহলে ধাপে ধাপে অন্য কূপগুলো পরীক্ষা করা হবে।" তিনি জানান, নতুন কূপ খনন করে পর্যায়ক্রমে পুরনো কূপগুলো বন্ধ করে দেওয়া যায় কিনা তা নিয়ে সমীক্ষা চলছে। বর্তমানে তিতাস গ্যাস ক্ষেত্রে ১৬ টি কূপের মাধ্যমে প্রতিদিন ৪৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে। এ ক্ষেত্রটির তিন নম্বর কূপে গ্যাস উৎপাদন হয় প্রতিদিন ৩০ মিলিয়ন ঘনফুট। এটা বন্ধ হয়ে গেলে হবিগঞ্জ গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস এনে সরবরাহ ঠিক রাখা হবে। হবিগঞ্জ গ্যাস ক্ষেত্রের একটি কূপ খননের কাজ প্রায় শেষ পর্যায়ে আছে। এ কূপ থেকে প্রতিদিন ২৫-৩০ মিলিয়ন ঘনফটু গ্যাস পাওয়া যাবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএসবি/এমএইচবি/ ২১৩০ ঘ.