ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ট্রাস্ট ব্যাংকের ঢাকার চারটি শাখায় পাসপোর্টের আবেদন জমা দেওয়া ও পাসপোর্ট পাওয়া যাবে। এছাড়া নির্দিষ্ট ডাকঘরেও আবেদন জমা দেওয়া যাবে।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ট্রাস্ট ব্যাংকের রাজধানীর গুলশান কর্পোরেট শাখা, উত্তরা কর্পোরেট শাখা, ধানমন্ডি শাখা ও দিলকুশা কর্পোরেট শাখার মাধ্যমে পাসপোর্ট আবেদনপত্র জমা ও পাসপোর্ট উত্তোলন করা যাবে। এজন্য আবেদনকারীকে পাসপোর্ট প্রতি ২০০ টাকা প্রসেসিং ফি দিতে হবে। নির্দিষ্ট সময় পর সংশ্লিষ্ট শাখা থেকেই আবেদনকারী পাসপোর্ট গ্রহণ করবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার ডাকঘরের মাধ্যমেও পাসপোর্টের আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়া চালু করছে। ঢাকায় বসবাসকারী নাগরিকরা সাতটি নির্দিষ্ট ডাকঘরের মাধ্যমে পাসপোর্ট আবেদন জমা দিতে পারবেন। ডাকঘর সাতটি হচ্ছে জিপিও ঢাকা ডাকঘর, বাংলাবাজার ডাকঘর, ডেমরা ডাকঘর, ঢাকা ক্যান্টনমেন্ট ডাকঘর, মিরপুর-২ ডাকঘর, নিউমার্কেট ডাকঘর ও উত্তরা ডাকঘর। আবেদনকারীকে তার নিদিষ্ট এলাকার ডাকঘরে আবেদনপত্র জমা দিতে হবে।
নির্ধারিত সাতটি ডাকঘরের আওতাভুক্ত এলাকার আবেদনকারী নির্দিষ্ট ডাকঘরে আবেদন জমা দিয়ে নির্ধারিত সময় পর আগারগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট গ্রহণ করবেন।
ইতোমধ্যে সারাদেশের ১৫টি আঞ্চলিক পাসপোর্ট অফিস ছাড়াও ১৭টি জেলায় জেলা প্রশাসক কার্যালয় থেকে আন্তর্জাতিক ও বিশেষ পাসপোর্ট ইস্যু করার কার্যক্রম নেওয়া হয়েছে।
গত ২৩ সেপ্টেম্বর থেকে ঢাকার আগারগাঁও-এ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ওয়ান স্টপ সার্ভিস বা এককেন্দ্রিক সেবা চালু করা হয়েছে। একই স্থান থেকে পাসপোর্ট প্রদান, নবায়ন ও সংশোধন - এ সব ধরনের সেবা প্রদান করা হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস-এর মাধ্যমে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/১৯৩৮ঘ.
bdnews24