২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাব ডগ স্কোয়াডের চমকপ্রদ মহড়া

অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও মাদকদ্রব্য উদ্ধারে বুধবার র‌্যাবের ডগ স্কোয়াডের বিশেষ এক মহড়া অনুষ্ঠিত হয় বুধবার। ডগ স্কোয়াডের কাজ, কাঠামো, প্রেক্ষাপট এবং তাদের প্রশিক্ষণ ও অভিযানের ব্যাপারগুলো পর্যালোচনা করাই ছিল এ মহড়ার উদ্দেশ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2007, 04:24 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও মাদকদ্রব্য উদ্ধারে বুধবার র‌্যাবের ডগ স্কোয়াডের বিশেষ এক মহড়া অনুষ্ঠিত হয় বুধবার। ডগ স্কোয়াডের কাজ, কাঠামো, প্রেক্ষাপট এবং তাদের প্রশিক্ষণ ও অভিযানের ব্যাপারগুলো পর্যালোচনা করাই ছিল এ মহড়ার উদ্দেশ্য। ভিভিআইপি নিরাপত্তা, লুকিয়ে রাখা অস্ত্র ও ইয়াবাসহ বিভিন্ন মাদক উদ্ধার এবং আগুনের রিংয়ের মধ্যে দিয়ে প্রশিক্ষিত কুকুরের চমকপ্রদ কায়দা-কৌশল হাতে-কলমে দেখানো হয় মহড়ায়। স্বাগত বক্তব্যে র‌্যাব মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার প্রাচীনকাল থেকেই কুকুরের মানুষের বন্ধু ও সেবক হিসেবে কাজ করার কথা উল্লেখ করে বলেন, কুকুর সব নিরাপত্তা বাহিনীর আবশ্যকীয় অস্ত্র হিসেবে কাজ করছে। এ সমস্ত বিষয় বিবেচনা করে ২০০৪ সালের আগস্ট মাসে র‌্যাবে ডগ স্কোয়াড অন্তর্ভূক্ত করা হয়। ডগ স্কোয়াডের বিভিন্ন দিক তুলে ধরে র‌্যাব মহাপরিচালক বলেন, এর মূল লক্ষ্য হচ্ছে ডগ সুইপিং এর মাধ্যমে ভিআইপি ও ভিভিআইপিদের অনুষ্ঠানস্থলের নিরাপত্তা নিশ্চিত করা। এছাড়া ডগ স্কোয়াড অবৈধ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও মাদকদ্রব্য উদ্ধার এবং সন্ত্রাসী গ্রেপ্তারে সহায়তা এবং ধ্বংসপ্রাপ্ত ভবন থেকে হতাহত মানুষকে উদ্ধারে সহায়তা করে। ডগ স্কোয়ারের মানুষ কর্মীরা অপ্রশিক্ষিত কুকুর ও তাদের হ্যান্ডলারদেরও প্রশিক্ষণ দিয়ে থাকে। র‌্যাবের ডগ স্কোয়াডে মোট কুকুরের সংখ্যা ৫১টি। এরমধ্যে ল্যাব্রাডর জাতের ৪১টি এবং বাকি ১০টি শেফার্ড জাতের। হাসান মাহমুদ খন্দকার আরো জানান, যে কোন কুকুরকে অস্ত্র ও বিস্ফোরক এবং মাদকদ্রব্য তল্লাশির মতো কাজের জন্য ৮ সপ্তাহ মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়। শুধুমাত্র সেসব কুকুরকেই প্রশিক্ষণে নেওয়া হয় যারা 'থাম, বস, আস, পাশে, শোও ইত্যাদি জাতীয় আদেশ পালন করতে সক্ষম। মৌলিক প্রশিক্ষণের পর কৃতকার্য কুকুরকে তার হিংস্রতা, ক্ষিপ্রতা, ঘ্রাণশক্তি, বুদ্ধিমত্তা ও সাহসের ওপর ভিত্তি করে বিভিন্ন ধরণের প্রশিক্ষণ দেওয়া হয়। বাইটিং ডগ প্রশিক্ষণে প্রধানত জার্মান শেফার্ড জাতের কুকুরকে বাছাই করা হয়। সংরক্ষিত এলাকায় নিষিদ্ধ বা অপরিচিত লোক পাকড়াও এর ক্ষেত্রে বাইটিং ডগ এর তৎপরতা উল্লেখযোগ্য। অস্ত্র ও বিস্ফোরক তল্লাশি কাজের জন্য আবার সাধারণত শান্ত, বুদ্ধিমান ও প্রখর ঘ্রাণসম্পন্ন ল্যাব্রাডর জাতের কুকুরকেই লাগানো হয়। র‌্যাব মহাপরিচালক জানান, মৌলিক প্রশিক্ষণে কৃতকার্য কুকুরকে তার দক্ষতার ওপর ভিত্তি করে মাদকদ্রব্য উদ্ধার কাজের জন্য বাছাই করা হয়। এদেরকে সচরাচর বাংলাদেশে যেসব মাদকদ্রব্য পাওয়া যায় যেমন- হেরোইন, গাঁজা, মদ, ফেন্সিডিল ও বিয়ারের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া ডগ স্কোয়াডকে বর্তমান সময়ের বহুল-আলোচিত মাদক 'ইয়াবা' সনাক্ত ও তল্লাশির জন্যও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে । ইতিমধ্যে এ কাজে সফলতাও পাওয়া গেছে বলে র‌্যাব কর্মকর্তা জানান। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর ফটকে অবস্থান নিলে ডগ স্কোয়াডের কুকুর অতি সহজেই ইয়াবা বহনকারীদের সনাক্ত করতে পারবে বলেও র‌্যাব মহাপরিচালক দাবি করেন। র‌্যাবের এ ডগ স্কোয়াড পরিচালনার দায়িত্বে আছেন ক্যাপ্টেন মিজানুর রহমান এবং চিকিৎসক হিসেবে আছেন ডা. আফাজউদ্দিন। তারা জানান, প্রতিদিন প্রতিটি কুকুরের পেছনে গড়ে ১৭০ টাকা করে ব্যয় হয়। এ হিসেবে মোট ৫১ টি কুকুরের জন্য বছরে মোট ব্যয়ের পরিমাণ ২৩ লাখ টাকা। ডগ স্কোয়াডের কুকুরগুলোর সকালের 'নাস্তার' মেনুতে থাকে একটি ডিম ও ৫০ গ্রাম ওজনের একটি পাঁউরুটি। শরীর ঠিক রাখতে দুপুরে তাদেরকে কোনো খাবার দেওয়া হয় না। এছাড়া সপ্তাহে তিন দিন বিকেলে সাতশ' গ্রাম করে গরুর মাংস, প্রতিদিন আড়াইশ' গ্রাম চালের ভাত ও আড়াইশ' গ্রাম সবজি দেওয়া হয়। এছাড়া বাকি তিন দিন তারা পায় ছয়শ' গ্রাম করে খাশির মাংস এবং একদিন একটি এক কেজির মুরগি। এদের ঘুমানোর জন্য সুসজ্জিত ছোট, ছোট কামরাও রয়েছে। এমনকি চিকিৎসার জন্য রয়েছে ল্যাব ও অপারেশন কক্ষসহ আধুনিক স্বতন্ত্র হাসপাতাল! বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসকে/২২১৫ঘ.