ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) কর্মকর্তা-কর্মচারিদের বিক্ষোভের মুখে বুধবার শেষ অফিস করেছেন বিদায়ী মহাপরিচালক যুগ্ম সচিব মৃদুলা ভট্টাচার্য।
প্রেষণে নিয়োগপ্রাপ্ত মৃদুলা ভট্টাচার্যকে গত সোমবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে জাতীয় সংসদ সচিবালয়ে যুগ্ম-সচিব পদে বদলি করা হয়। তিনি 'অবৈধভাবে' গত দুদিন ধরে পিআইবিতে অফিস করছিলেন বলে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারিরা অভিযোগ করেন।
বুধবার সকালেও মৃদুলা ভট্টাচার্য পুলিশ প্রহরায় পিআইবি কার্যালয়ে অফিস করতে গেলে চেষ্টা করলেও পরে সাধারণ কর্মকর্তা-কর্মচারিদের বিক্ষোভের মুখে কার্যালয় ত্যাগ করতে বাধ্য হন। এ পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন) সৈয়দ হায়দার আলীকে ভারপ্রাপ্ত মহাপরিচালক নিয়োগ করা হয়েছে।
বিদায়ী মহাপরিচালক মৃদুলা ভট্টাচার্য বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বদলি সংক্রান্ত দাপ্তরিক আদেশের কপি হাতে না পাওয়ায় আমি গত দুদিন অফিসে গিয়েছিলাম। আজ (বুধবার) অফিসে গিয়ে আমি ওই আদেশের কপি হাতে পেয়েছি।"
মহাপরিচালক মৃদুলা ভট্টাচার্যকে গত ১৯ নভেম্বর সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে সংসদ সচিবালয়ের যুগ্ম-সচিব পদে বদলি করা হয়। পিআইবির বিক্ষোভরত সাধারণ কর্মকর্তা-কর্মচারিরা অভিযোগ করেন, ওই আদেশের কপি হাতে না পাওয়ার যুক্তি দেখিয়ে মৃদুলা ভট্টাচার্য গত দুদিন ধরে আগের কার্যালয়েই বসছিলেন। এ কারণে কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
মঙ্গলবার সন্ধ্যায় বিদায়ী মহাপরিচালক তার ব্যক্তিগত সহকারি মো. আলাউদ্দিনকে সঙ্গে নিয়ে কার্যালয় ত্যাগ করার সময় কর্মকর্তা-কর্মচারিরা তাদের পথরোধ করেন। এ সময় আলাউদ্দিনের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে পিআইবির কর্মকর্তা-কর্মচারিদের ব্যক্তিগত নথির মোট ২৪ টি ফাইল পাওয়া যায় বলে তারা দাবি করেন। কর্মচারিরা বলেছেন, এর মধ্যে মহাপরিচালকের 'বিরাগভাজন' কয়েকজন কর্মকর্তাকে পেছনের তারিখে স্বাক্ষর দেখিয়ে বরখাস্তের আদেশও ছিলো।
কর্মকর্তা-কর্মচারিদের দাবির মুখে প্রতিষ্ঠানের পরিচালক (প্রশাসন) হায়দার আলীর উপস্থিতিতে 'উদ্ধার করা' কাগজপত্রের একটি তালিকা তৈরি করে তাতে মৃদুলা ভট্টাচার্যের স্বাক্ষর নেওয়া হয়।
বুধবার সকালে মৃদুলা ভট্টাচার্য পুলিশ প্রহরা নিয়ে পিআইবি কার্যালয়ে ঢুকে তার কার্যালয়ে বসার চেষ্টা করলেও কক্ষটিতে আগের দিনই তালা লাগিয়ে দেওয়ায় তা সম্ভব হয়নি। তিনি পরিচালক (প্রশিক্ষণ) এর কক্ষে অবস্থান করেন। কর্মকর্তা-কর্মচারিরা বিদায়ী মহাপরিচালক ও তার সহকারীকে দেখে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা দলবদ্ধভাবে পরিচালক (প্রশিক্ষণ) এর কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষুব্ধ পিআইবি কর্মকর্তাদের একাংশ এক পর্যায়ে মহাপরিচালকের কক্ষে লাগানো নামফলক খুলে ফেলেন। তারা মহাপরিচালকের ব্যক্তিগত সহকারি আলাউদ্দিন ও সহকারি সম্পাদক (ফিচার) মিজানুর রহমানকে একটি কক্ষে আটকে রাখেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সাড়ে নয়টার দিকে মৃদুলা ভট্টাচার্য পুলিশ প্রহরায় পিআইবি কার্যালয় ত্যাগ করেন।
মৃদুলা চলে যাওয়ার পর বিক্ষোভরত কর্মকর্তা-কর্মচারিরা এক বৈঠকে বসে বিদায়ী মহাপরিচালক ও তার সহযোগীদের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত মহাপরিচালক সৈয়দ হায়দার আলী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী আমি চলতি দায়িত্ব পালন শুরু করেছি এবং মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এ মুহূর্তে এর বেশি কিছু বলা সম্ভব নয়।"
কার্যালয় থেকে গুরুত্বপূর্ণ ফাইল ও কাগজপত্র পাচারের অভিযোগ সম্পর্কে মৃদুলা ভট্টাচার্য বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "যে সব কাগজ ইতোমধ্যে আনুুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে তার কপি যে কেউ প্রয়োজন মনে করলে সংগ্রহে রাখতে পারে। এছাড়া আমার পিএস আলাউদ্দিনকে পিটিয়ে জোর করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসকে/১৯১৯ঘ.
bdnews24