ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এলাকার ২৮ টি থানায় মঙ্গলবার থেকে ভোটার তালিকা তৈরির জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করার কাজ শুরু হয়েছে। ২৯ নভেম্বরের মধ্যে এ কাজ শেষ হবে বলে আশা করছে নির্বাচন কমিশন।
বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহের পর ছবি তোলা ও ভোটার নিবন্ধনের কাজ শুরু হবে ১ ডিসেম্বর থেকে। ভোটারদের দেওয়া হবে জাতীয় পরিচয়পত্রও । ডিসিসিতে ৯৫১ টি ভোটার নিবন্ধন কেন্দ্র খোলা হবে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় মিন্টো রোডে ঢাকার বিভাগীয় কমিশনারের বাসা থেকে নির্বাচন কর্মকর্তারা ভোটার তালিকার তথ্য সংগ্রহ করার কাজ শুরু করেন। ঢাকার বিভাগীয় কমিশনার একরাম আহমেদ, তাঁর স্ত্রী ও দুই ছেলেকে ভোটার নিবন্ধন ফরম দিয়ে কর্মকর্তারা তথ্য সংগ্রহ করেন।
উপ - নির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফর রহমান ও জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল আহমেদ এসময় উপস্থিত ছিলেন।
বিশ্বাস লুৎফর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, এর আগে প্রথম দফায় তারা ডিসিসির ২২ টি থানায় ভোটার তালিকার তথ্য সংগ্রহ করতে চেয়েছিলেন। পরিকল্পনা ছিলো জনবহুল ছয়টি থানার কাজ পরে শুরু করার। পরে সেনা বাহিনীর পরামর্শে মঙ্গলবার তারা একযোগে ২৮ টি থানাতেই তথ্য সংগ্রহ করার কাজ শুরু করেছেন।
ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির কাজে সেনা বাহিনী নির্বাচন কমিশনকে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে।
ঢাকার বিভাগীয় কমিশনার একরাম আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই প্রথম বারের মতো ছবিসহ ভোটার তালিকাভুক্ত হতে যাচ্ছি। আমি মনে করি, ডিজিটাল এই ভোটার তালিকা নির্ভুল হবে। আর নির্ভুল ভোটার তালিকায় স্থানীয় ও জাতীয় নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করা সম্ভব।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/জিএনএ/১০৩৫ ঘ.
bdnews24