চাঁপাইনবাবগঞ্জ, নভেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- স্বাক্ষর জাল করে এক শিক্ষকের বেতন তোলার অভিযোগে শিবগঞ্জ সৈয়দা শরীফা গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ ও অফিস সহকারীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযুক্তরা হলেন কলেজ অধ্যক্ষ রওশন আরা বেগম ও অফিস সহকারী শফিকুল ইসলাম।
শিবগঞ্জ থানার উপ পরিদর্শক সোহেল রানা জানান, ২০০৫ সালের জুলাই মাসে ওই কলেজের শিক্ষক শাহীন আনজুম তার পদ থেকে ইস্তফা দেন। কিন্তু কলেজ অধ্যক্ষ ও অফিস সহকারি যোগসাজশ করে ওই পদ শূন্য না দেখিয়ে ওই বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত স্বাক্ষর জাল করে বেতন তোলেন। এ অভিযোগে রোববার রাতে যৌথবাহিনী ওই দুজনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে।
সোমবার শিবগঞ্জ থানায় এ ব্যাপারে একটি মামলা করা হয়। এরপর দুই অভিযুক্তকে আদালতে হাজির করা হলে বিচারক
তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/২৩৫০ ঘ.
bdnews24