চট্টগ্রাম, নভেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাতকানিয়া উপজেলার দুইশ' জেলের খোঁজ পাচ্ছে না তাদের পরিবার। এসব জেলে মাছ ধরতে সুন্দরবন এলাকায় গিয়েছিলেন অক্টোবর মাসে দূর্গাপূজার পর।
সোমবার সাতকানিয়ার আমিলাইশ ইউনিয়নের চেয়ারম্যান সরোয়ার উদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আমিলাইশের পূর্ব ও পশ্চিম অংশের শঙ্খ নদীর দুই পাড়ের প্রায় দুইশ' জেলে সুন্দরবন এলাকায় গিয়েছিলেন। অনেকের পরিবারের সদস্য ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে এসে জানিয়েছেন ওই জেলেদের খোঁজ পাওয়া যাচ্ছে না।
তিনি জানান, প্রায় দুইশ' জেলে নিখোঁজ হওয়ার বিষয়টি বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসককে জানানো হয়েছে। তারা আগামীকালের (মঙ্গলবার) মধ্যে একটি তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন।
জেলা প্রশাসক আশরাফ শামীম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সাতকানিয়ার সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান জেলেদের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে তাকে জানিয়েছেন।
তিনি জানান, নিখোঁজ জেলেদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। তালিকা পাওয়া মাত্র তা খুলনা, বাগেরহাট, বরগুনাসহ যেসব জেলায় জেলেরা মাছ ধরতে গিয়েছে সেখানে প্রশাসনকে জানানো হবে।
ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দিন আরও জানান, এখন পর্যন্ত যাদের খোঁজ পাওয়া যাচ্ছে না তাদের মধ্যে প্রাথমিকভাবে সুনীল জলদাস, কিরণ জলদাস, প্রাণহরি জলদাস, বাদল কান্তি জলদাস ও স্বপন কান্তি জলদাসকে চিহ্নিত করা গেছে।
যেসব জেলের খোঁজ পাওয়া যাচ্ছে না তাদের চিহ্নিত করতে ইউপি সদস্য উপসেন জলদাসকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর তিন সদস্য হলেন মিলন কান্তি জলদাস, পরিমল দাস ও সোমা দাস। তাদের মঙ্গলবার সকালের মধ্যে তালিকা তৈরির জন্য বলা হয়েছে।
সরোয়ার উদ্দিন জানান, এসব জেলের অধিকাংশ পুর্ব ও পশ্চিম আমিলাইশের শঙ্খ নদীর দুই পাড়ের বাসিন্দা। তারা প্রতিবছরই মাছ ধরার জন্য এ সময়ে সুন্দরবন এলাকায় যান। তারা সেখানে একটানা এক মাস থেকে তিন মাস পর্যন্ত থাকেন।
ঘূর্ণিঝড় সিডর আঘাত হানার পর থেকে এসব জেলে খোঁজ পাচ্ছে না পরিবারের সদস্যরা। তারা সোমবার ইউপি কার্যালয়ে এসে কান্নাকাটি করেছেন বলে তিনি জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/টিএইচ/এমএসবি/২১০০ ঘ.
bdnews24