রাজশাহী, নভেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর বাগমারা উপজেলার আট বছরের একটি শিশুকে ধর্ষণের দায়ে চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক একেএম সিরাজুল ইসলাম এ দণ্ডাদেশ দেন। আদালতের রায়ে চার আসামির প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, বাগমারার কোন্দা গ্রামের আশরাফুল আলম, ইসরাফিল, রহিম উদ্দিন ও মকলেছার।
মামলার অপর দুই আসামি জাকিরুল ইসলাম সান্টু ও আসকান ওরফে আমিনুলকে খালাস দেয়া হয়েছে।
রায়ের সময় ছয় আসামিই আদালতে হাজির ছিলো।
মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ২১ মার্চ রাতে কোন্দাগ্রামে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে তার আট বছরের শিশুকন্যাকে ধর্ষণ করা হয়।
শিশুর বাবা পরদিন বাগমারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
ওই বছরের ২১ মে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক সিরাজুল ইসলাম ছয় জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮০৭ ঘ.
bdnews24