ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকির দায়ে পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) শহিদুল্লাহ খানের স্ত্রী মাসুদা শহিদের ৬ বছরের কারাদণ্ড, ২৫ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আশরাফ হোসেন এ রায় ঘোষণা করেন।
মাসুদা পলাতক রয়েছেন। তার আটকের দিন থেকে সাজা কার্যকর হবে।
বিচারক তার রায়ে বলেন, "সম্পত্তি গোপনের দায়ে পাঁচ বছরের কারাদন্ড, ২৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়া আয়কর বিবরণীতে মিথ্যা তথ্য দেয়ার জন্য এক বছরের কারাদন্ড দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড দেয়া হয়েছে।"
তবে সাজা একইসঙ্গে কার্যকর হওয়ায় তাকে পাঁচ বছরের কারাভোগ করতে হবে।
আয়কর বিবরণীতে সম্পত্তির তথ্য গোপন ও মিথ্যা তথ্য দিয়ে কর ফাঁকির অভিযোগে গত ১৯ সেপ্টেম্বর এনবিআরের উপ-কর কমিশনার কাজি লতিফুর রহামান বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, আসামি ১৯৯৮-'৯৯ কর বর্ষ থেকে ২০০৬-'০৭ কর বর্ষ পর্যন্ত ৮৮ লাখ ৯৯ হাজার ২'শ ৪০ টাকার সম্পত্তির তথ্য গোপন ও মিথ্যা তথ্য দিয়ে এর ওপর প্রযোজ্য কর ২২ লাখ ২০ হাজার ৮'শ ১০ টাকা ফাঁকি দিয়েছেন।
বিশেষ জজ আদালতে গত ৭ অক্টোবর এ মামলায় অভিযোগ গঠন করা। সাক্ষ্য নেওয়া শুরু হয় ২৪ অক্টোবর থেকে।
মাসুদার বাবা মনসুর আলী জিয়াউর রহমানের মন্ত্রী সভায় পাট ও বস্ত্র মন্ত্রী ছিলেন।
একই আদালতে কর ফাঁকির অভিযোগে মাসুদার স্বামী শহিদুল্লাহ খানের বিরুদ্ধেও একটি মামলার বিচার কাজ চলছে। শহিদুল্লাহও পলাতক রয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমএ/১৫৫৩ঘ.
bdnews24