২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কন্ডোলিৎসা রাইসের সহানুভূতি ও সাহায্যের আশ্বাস

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস বাংলাদেশের ঘূর্নিঝড়-আক্রান্ত জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আরো সহায়তা দেওয়ার ব্যাপারে তাদের প্রস্তুতির কথা জানিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র সরকারের অনেকগুলো দুর্যোগ মোকাবেলাকারী ত্রাণ সংস্থা ও দফতরকে এজন্য ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2007, 08:16 AM

Updated : 26 Aug 2022, 08:57 PM

ঢাকা, ১৯ নভেম্বর,(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস বাংলাদেশের ঘূর্নিঝড়-আক্রান্ত জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আরো সহায়তা দেওয়ার ব্যাপারে তাদের প্রস্তুতির কথা জানিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র সরকারের অনেকগুলো দুর্যোগ মোকাবেলাকারী ত্রাণ সংস্থা ও দফতরকে এজন্য ব্যবস্থা নিতে বলা হয়েছে। ওয়াশিংটনে দেওয়া এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন বলে ঢাকাস্থ আমেরিকান সেন্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়। কন্ডোলিৎসা রাইস তার বিবৃতিতে বলেছেন, সাইক্লোন সিডর আঘাত হানার পর বাংলাদেশী জনগণের আশু প্রয়োজন মেটাতে সহায়তা করতে মার্কিন সরকার সাড়া দিয়েছে। তিনি উল্লেখ করেন, এই বৃহৎ প্রাকৃতিক দুর্যোগের পর যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) সাইক্লোনের অব্যবহিত পরই এক লাখ ডলার সহায়তা দিয়েছে এবং ত্রাণ ও পুনরুদ্ধার তৎপরতায় সাহায্য করতে বাংলাদেশের জন্য একটি পাঁচ সদস্যের দুর্যোগ নিরূপণ দল গঠন করেছে। পানি ও স্যানিটেশন কর্মসূচির জন্য এবং দুর্গতদের আশ্রয় উপকরণ সরবরাহ করতে 'ইউএসএআইডি' জরুরি তহবিল থেকে আরো ২০ লাখ ডলার পাঠাচ্ছে। আক্রান্ত এলাকায় বর্তমানে যেসব মানবিক সংগঠন কাজ করছে এই তহবিল থেকে তাদেরকেও একটি অংশ দেওয়া হবে বলে তিনি জানান। বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, মার্কিন সামরিক বাহিনী কিভাবে সর্বোত্তমভাবে এ অঞ্চলে সহায়তা দিতে পারবে তা নির্ধারণ করতে যুক্তরাষ্ট্র প্যাসিফিক কমান্ড বাংলাদেশের দক্ষিণ উপকূলে ২৩ মেরিন সদস্যবিশিষ্ট একটি মানবিক সহায়তা জরিপ দল পাঠিয়েছে। বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের অনুরোধের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে এতে জানানো হয়। আগে থেকেই বাংলাদেশে অবস্থান করছে এমন একটি সামরিক চিকিৎসা দলও আহতদের চিকিৎসা সহায়তা দিচ্ছে। কন্ডোলিৎসা রাইস মার্কিন নৌবাহিনীর দু'টি জাহাজ ইউএসএস এসেক্স এবং ইউএসএস কিয়ারসার্জ -কে বাংলাদেশের পথে রওনা দিতে আদেশ দেওয়ার কথা ও জানান। তিনি বলেছেন, বাংলাদেশ সরকার সহায়তা চেয়ে অনুরোধ জানানোর সঙ্গে সঙ্গেই যেন মার্কিন সামরিক বাহিনী উপযুক্ত অবস্থানে থাকতে পারে সেজন্য এটি করা হচ্ছে। এই জাহাজগুলো পাঁচ থেকে সাত দিনের মধ্যেই পৌঁছে যাবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তার বিবৃতিতে মন্তব্য করেন ,বাংলাদেশ সরকার 'ইউএসএআইডি'-র সহায়তায় দুর্যোগ প্রস্তুতি ও প্রশমনের জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করায় সাইক্লোনের ক্ষয়ক্ষতি কম হয়েছে এবং অনেক জীবন বাঁচানো সম্ভব হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসকে/১৪০০ঘ.