ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজি মামলা বিচারের জন্য রোববার অতিরিক্ত মুখ্য মহানগর আদালত থেকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে।
সোমবার বিচারক মো. আজিজুল হক এ মামলার বিচারের তারিখ নির্ধারণ করবেন।
রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুলতান মাহমুদ আজম চৌধুরীর চাঁদাবাজি মামলাটি বিচারের জন্য ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাঠানোর নির্দেশ দেন। সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে মহানগর দায়রা জজ আদালতে মামলার নথি পাঠানো হয়।
গত ১৩ জুন ব্যবসায়ী আজম চৌধুরী আটটি চেকের মাধ্যমে ২ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার ৫ শ' টাকা চাঁদা নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ফুফাতো ভাই সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম ও শেখ রেহানার বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন।
২০ জুন শেখ সেলিম ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। গত ২৪ জুলাই মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। গত ১৬ জুলাই শেখ হাসিনাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা হচ্ছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ পিবি/এসএম/এসকে/
bdnews24