ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মুফতি হান্নানের দুই সহযোগী আবুল কালাম আজাদ ওরফে বুলবুল এবং জাহাঙ্গীর আলম।
১০ দিনের পুলিশ রিমান্ড শেষে রোববার এই দুজনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সহকারী পুলিশ সুপার ফজলুল কবির ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে জানান, অভিযুক্তরা গ্রেনেড হামলার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে ইচ্ছুক।
পরে মহানগর হাকিম মো. শাহিন উদ্দিনের খাস কামরায় দুপুর ৩টা থেকে রাত পর্যন্ত তারা জবানবন্দি দেন।
এর আগে গত ১ নভেম্বর মুফতি হান্নান ও তার ভাই মুনশি মহিবুল্লাহ এবং পরদিন ২ নভেম্বর শরীফ শহীদুল আলম বিপুল আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছিলেন। তাদের স্বীকারোক্তির ভিত্তিতেই বুলবুল ও জাহাঙ্গীর আলমকে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করার পর ৮ নভেম্বর ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়।
এ ছাড়া ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া অপর আসামি মাওলানা আবু তাহেরকে তিন দিনের রিমান্ড শেষে রোববার আদালতে হাজির করে আরও ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তদন্ত কর্মকর্তা আরও জিজ্ঞাসবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাইলে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম গোলাম রব্বানী ২ দিন মঞ্জুর করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমএইচবি/১৯৫৬ ঘ.
bdnews24