২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণ, উদ্ধার ও যোগাযোগ ব্যবস্থা পুনস্থাপনে কাজ করছে সশস্ত্র বাহিনী

দুর্যোগ- কবলিত জেলাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সেনা বাহিনীর পাশাপাশি নিয়োজিত আছে নৌ এবং বিমান বাহিনীও। সশস্ত্র বাহিনীর সদস্যরা ক্ষতিগ্রস্ত যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা দ্রুত চালু করার জন্য কাজ করছেন। এছাড়া তারা দুর্গত জেলাগুলোতে চিকিৎসা সেবা দিচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2007, 05:05 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্যোগ- কবলিত জেলাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সেনা বাহিনীর পাশাপাশি নিয়োজিত আছে নৌ এবং বিমান বাহিনীও। সশস্ত্র বাহিনীর সদস্যরা ক্ষতিগ্রস্ত যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা দ্রুত চালু করার জন্য কাজ করছেন। এছাড়া তারা দুর্গত জেলাগুলোতে চিকিৎসা সেবা দিচ্ছেন। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নৌ বাহিনীর ১২টি জাহাজ, বিমান বাহিনীর ১২টি হেলিকপ্টার ও তিনটি বিমান ব্যবহার করা হচ্ছে। শনিবার সন্ধ্যা সেনাসদরে সশস্ত্র বাহিনী বিভাগের সংবাদ ব্রিফিংয়ে লে. কর্নেল মাইনুল্লাহ চৌধুরী বলেন, "সেনাবাহিনীর সদস্যরা দূর্গত মানুষের মধ্যে জরুরি ত্রাণ বিতরণ এবং ক্ষতিগ্রস্ত সড়ক যোগাযোগ দ্রুত চালু করার কাজে নিয়োজিত আছে। তারা ক্ষতিগ্রস্ত এলাকার মানুষকে চিকিৎসা সেবা দিচ্ছে।" তিনি জানান, দুর্গম এলাকাগুলোতে ত্রাণ বিতরণে বিমান সেনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের পাশাপাশি কাজ করে যাচ্ছে নৌ বাহিনীর সদস্যরাও। শনিবার সন্ধ্যা পর্যন্ত সেনা সদরের পাওয়া তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড়ে মোট মৃতের সংখ্যা এক হাজার ৭২৩ জন বলে মাইনুল্লাহ চৌধুরী জানান । এছাড়া আহত হয়েছে তিন হাজার ৫৬৯ জন। লে. কর্নেল চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘূর্ণিঝড় কবলিত জেলায় ত্রাণ ও উদ্ধার কাজে প্রয়োজন অনুযায়ী প্রতিদিনই সশস্ত্র বাহিনীর সদস্যদের নিয়োজিত করা হচ্ছে।" সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, দূর্গত জেলাগুলোতে সেনাবাহিনীর চারটি চিকিৎসা দল কাজ করছে। রোববার আরও দুটি দল কাজ শুরু করবে। এক প্রশ্নের জবাবে সশস্ত্র বাহিনী বিভাগের দূর্যোগ ব্যবস্থাপনা শাখার পরিচালক (অপারেশন ও পরিকল্পনা) ব্রিগেডিয়ার জেনারেল কাজী আবিদুস সামাদ বলেন, ''আমরা বিভিন্ন সূত্র থেকে হতাহতের তথ্য সংগ্রহ করেছি। এর মধ্যে সরকারের প্রধান সূত্র দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের হিসাব রয়েছে। এছাড়া আমাদের গোয়েন্দা সংস্থার লোকজন মাঠে কাজ করছে। সব মিলিয়ে এ হিসাব তৈরি হয়েছে।" তবে তিনি স্বীকার করেন, এত বড় মাত্রার বিপর্যয়ের ক্ষেত্রে মৃতের একশ ভাগ সঠিক তথ্য পাওয়া দুষ্কর। ব্রিগেডিয়ার জেনারেল সামাদ জানান, ঘূর্ণিঝড়ে বাগেরহাট, বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী ও ঝালকাঠি জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এসব জেলার মধ্যে পটুয়াখালীতে ৩৮৫জন, বরগুনায় ৪৭৪জন, বাগেরহাটে ৪৬০জন ও পিরোজপুরে ১৩৪ জন মারা গেছেন। এক প্রশ্নের জবাবে জানানো হয়, মাছ ধরার ৭৩টি নৌযান ও ট্রলার ডুবে গেছে। এছাড়া নিখোঁজ আছে ২৫টি। এ পর্যন্ত দুর্যোগ মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার ত্রাণ ভান্ডার থেকে ৬৬ টন ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সেনা বাহিনী। রোববার আরও ৫৮ টন ত্রাণ বিতরণ করা হবে বলে সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/এমএসবি/এসকে/২২৪৬ঘ.