২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাটেক্সপোতে পাঁচ কোটি ৩৪ লাখ ডলারের রপ্তানি অর্ডার

বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) আয়োজিত তিনদিনব্যাপী তৈরি পোশাকের প্রদর্শনী বাটেক্সপো (বাংলাদেশ অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল এক্সপোজিশন)-২০০৭ শনিবার শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2007, 03:58 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) আয়োজিত তিনদিনব্যাপী তৈরি পোশাকের প্রদর্শনী বাটেক্সপো (বাংলাদেশ অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল এক্সপোজিশন)-২০০৭ শনিবার শেষ হয়েছে। প্রদর্শনী চলাকালে পাঁচ কোটি ৩৪ লাখ ৩০ হাজার ডলারের রপ্তানি আদেশ পাওয়া গেছে বলে জানিয়েছে বিজিএমইএ। শনিবার সন্ধ্যায় বিজিএমইএ-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়ে বলা হয়, গত দশ বছরের মধ্যে প্রদর্শনী চলাকালে এবারই সবচেয়ে বেশি রপ্তানি অর্ডার (ষ্পট বা তাৎক্ষণিক অর্ডার) পাওয়া গেছে। এতে বলা হয়, ১৯৯৮,২০০২ ও ২০০৬ সালে তাৎক্ষণিক অর্ডার পাওয়া গিয়েছিল যথাক্রমে চার কোটি ৩৫ লাখ ডলার, চার কোটি ৬০ লাখ ডলার ও পাঁচ কোটি ডলার। বিজিএমইএ-এর তথ্য অনুযায়ী. এবারের প্রদর্শনীতে মোট ১১০ জন বিদেশী ক্রেতা অংশ নিয়েছে। মোট স্টলের সংখ্যা ছিল ৮২টি। তিন হাজারের বেশি দর্শনার্থী মেলা পরিদর্শন করেছেন। সমাপনী অনুষ্ঠান বিজিএমইএ সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজের সভাপতিত্বে শনিবার বিকেলে বাটেক্সপো সমাপনী অনুষ্ঠান হয়। শিল্প উপদেষ্টা গীতিয়ারা সাফিয়া চৌধুরী সমাপনী অনুষ্ঠানের নির্ধারিত প্রধান অতিথি থাকলেও ঘুর্ণিঝড়-উপদ্রুত এলাকা পরিদর্শনের জন্য তিনি পটুয়াখালীতে অবস্থান করায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ। বাণিজ্য সচিব অনুষ্ঠানে বলেন,''দেশের রপ্তানি খাতে ক্রান্তিকাল চলছে। বাটেক্সপো এ সংকট কাটাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।'' সচিব জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা আদায়ের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের কুটনৈতিক তৎপরতা চালানো হবে। তবে তিনি বলেন, শুধু যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারের ওপর নির্ভর করলে চলবে না। এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও রপ্তানি বাড়াতে উদ্যোগ নিতে হবে। বিজিএমইএ সভাপতি বলেন, ''ভয়ঙ্কর ঘুর্ণিঝড়ের কারণে আমাদের উচিৎ ছিল বাটেক্সপো বন্ধ করে দেয়া। কিন্তু অনেক বিদেশি ক্রেতা চলে আসায় তা সম্ভব হয়নি।'' আনোয়ার পারভেজ বলেন, ''বর্তমানে দেশে অনুকুল পরিস্থিতি বিরাজ করায় এবারের বাটেক্সপোতে নিয়মিত অংশগ্রহণকারী দেশ ভারত, তাইওয়ান, হংকং, চীন প্রভৃতি দেশ ছাড়াও প্রথমবারের মতো জাপান, রাশিয়া, পেরু থেকেও ক্রেতারা অংশ নিয়েছেন। ১৫ নভেম্বর রাজধানীর সোনারগাঁও হোটেলে এ প্রদর্শনী শুরু হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২১৪৮ঘ.