গাজীপুর, নভেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম )- বিএনপিকে সংলাপে আমন্ত্রণ জানানোর ব্যাপারে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের কোন পরিবর্তন হবে না বলে জানিয়েছেন প্র্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদা।
শনিবার টঙ্গী পৌরসভার ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরি কর্মসূচির ছবি তোলার কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।
এর আগে তিনি গাজীপুর জেলা প্রশাসক সৈয়দ মিজানুর রহমানের সভাপতিত্বে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমী অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
সিইসি বলেন, "কমিশনের সিদ্ধান্তে কেউ অখুশি হলে তিনি আদালতে যেতে পারেন।"
তিনি বলেন, "দেলোয়ার সাহেবের অংশকে সংলাপে আমন্ত্রণ জানানো হলে মান্নান ভূঁইয়ার অংশও একই অভিযোগ তুলতেন। এক্ষেত্রে কমিশন একটা সিদ্ধান্ত দিয়েছে এর সঙ্গে একমত না হলে তারা আদালতে যাচ্ছেন না কেন? আদালত হলো তৃতীয়পক্ষ। আদালত এ ব্যাপারে ফয়সালা করতে পারে।"
প্রধান নির্বাচন কমিশনার বলেন, "অনির্বাচিত সরকারের বেশি দিন ক্ষমতায় থাকা ঠিক নয়। এ জন্য নির্বাচন কমিশন ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন করতে বদ্ধ পরিকর।"
তিনি বলেন, "একজন নাগরিককে ২২ ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পেতে হলে অবশ্যই জাতীয় পরিচয় পত্র দেখাতে হবে।"
জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব বুঝাতে সিইসি বলেন, "পত্রিকায় দেখলাম রাজশাহীর জনৈক কালাম বিনা দোষে শুধু নাম মিল থাকার খেসারত হিসাবে ১৪ বছর জেল খেটেছেন। জাতীয় পরিচয়পত্র থাকলে এ অবস্থা হতো না।"
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "কোন পৌরসভা থাকবে কোনটি বাতিল হবে তা স্থানীয় সরকার মন্ত্রণালয় নির্ধারণ করবে।"
উপকুলে সিডর ছোবলে ভোটার তালিকার কাজে বিঘ
bdnews24