ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিডরের আঘাতে বিধ্বস্ত বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে কমপক্ষে আরও তিনদিন লাগবে।
শনিবার রাজধানীর ডেসা সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ তথ্য জানান।
পিডিবি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আলী বলেন, "শনিবার পিক আওয়ারে ২৯০০ মেগাওয়াট চাহিদার বিপরীতে রাতের মধ্যে ২৭০০ মেগাওয়াট উৎপাদন করা সম্ভব হবে। ইতোমধ্যে ৮০০ মেগাওয়াট ঢাকা শহরে সরবরাহ করা হচ্ছে।"
ঢাকায় মোট বিদ্যৎ চাহিদা ১১০০ মেগাওয়াট বলে তিনি জানান।
তিনি বলেন, "দক্ষিণ অঞ্চলে সহসাই পরিস্থিতির উন্নতি হচ্ছে না। বিশেষ করে বরগুনা ও পিরোজপুরে জেলাতে। বিদ্যুৎ কেন্দ্র ও সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হতে কমপক্ষে ৫ দিন লাগবে।"
সংবাদ সম্মেলনে জানানো হয়, সরবরাহ পরিস্থিতির দ্রুত উন্নতি হচ্ছে। ক্ষতিগ্রস্ত বিতরণ ব্যবস্থার মেরামত কাজ তাড়াতাড়ি শেষ করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঝড়ের কারণে ডেসা এলাকার ৩৭৯টি ১১ কেভি ফিডার লাইনের মধ্যে ২৩০টি বন্ধ হয়ে যায়। এর মধ্যে ১৮০টি চালু করা সম্ভব হয়েছে। ৬৫টি ৩৩ কেভি ফিডার লাইনের মধ্যে ২৭টি বন্ধ হয়ে গিয়েছিল। এ পর্যন্ত ১৯টি চালু হয়েছে। ৩২টি উপকেন্দ্রের মধ্যে ৭টি বন্ধ হয়ে যায়। এখন পর্যন্ত ৫টি চালু করা হয়েছে।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মোট ৭০০ কিলোমিটার সঞ্চালন লাইন ছিড়ে গেছে। এক হাজার ৭২২টি খুঁটি হেলে পড়েছে। ৫৬টি উপকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত সমিতির সংখ্যা ২৯টি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
পাওয়ার গ্রিড কোম্পানী বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক এ বি এম হারুনুর রশিদ, ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক সালেহ আহমেদ, ডেসার ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নজরুল হাসান ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান হাবিব উল্লাহ মজুমদার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/এমআরএফ/এমএআর/এমএসবি/এমএ/১৯৫৭ ঘ.
bdnews24