ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - দক্ষিণাঞ্চলে ভয়াবহ ঘূর্ণিঝড়ে নিহত স্বজনদের খোঁজ নিতে রাজধানী থেকে ওই এলাকার লোকজন বাড়ি যাওয়ার জন্য সদরঘাটে ভিড় করছেন। যাত্রীদের প্রচণ্ড ভিড়ের কারণে অনেক লঞ্চ সদরঘাট থেকে নির্ধারিত সময়ের আগেই ঘাট ছেড়ে চলে যায়। গুলিস্তান মোড় থেকে সদরঘাট পর্যন্ত ছিল প্রচণ্ড যানজট।
শুক্রবার সদরঘাট থেকে অল্প কিছু লঞ্চ চলাচল করলেও শনিবার থেকে স্বাভাবিক লঞ্চ চলাচল শুরু হয়েছে। তবে পটুয়াখালী ও বরগুনা- এ দুটি রুটে এখনও বাস চলাচল শুরু হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সঞ্জয় দে শনিবার বিকেলে বরিশালে যাওয়ার জন্য সদরঘাটে গিয়ে দেখেন, ওই রুটের এমভি সুরভিসহ অনেক লঞ্চ ধারণ ক্ষমতার বেশি যাত্রী বোঝাই হয়ে নির্ধারিত সময়ের আগেই ছেড়ে গেছে।
সদরঘাটে পটুয়াখালীর মোহাম্মদ আব্বাস বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকেল তিনটায় এসেছি। সন্ধ্যা ৬টায়ও কোনো লঞ্চে উঠতে পারিনি। জানি না উঠতে পারব কিনা। বাড়ির লোকদের কী অবস্থা হলো দেখতে যাওয়া দরকার।
যাত্রীদের জন্য এমভি পাতারহাটসহ কয়েকটি নতুন লঞ্চ দেওয়া হয়েছে। লঞ্চ আসার সঙ্গে সঙ্গে যাত্রীরা হুড়াহুড়ি করে উঠছে।
তারা জানান, দুদিন ধরে লঞ্চ বন্ধ থাকায় এই অবস্থা। নদীপথে লঞ্চ চলাচল করলেও সড়কপথে ঢাকার সঙ্গে পটুয়াখালী ও বরগুনার যোগাযোগ এখনও শুরু হয়নি।
শনিবার ঢাকা থেকে ওই দুটি রুটের কোনো বাস চলাচল করেনি।
বরগুনাগামী 'ঈগল' বাস এর যাত্রাবাড়ীর কাউন্টার ম্যানেজার শুভ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘূর্ণিঝড়ের কারণে মহাসড়কে গাছ পড়ে আছে, বিভিন্ন স্থানে ফেরি চলাচল বন্ধ থাকায় ঢাকার সঙ্গে বরগুনা ও পটুয়াখালী রুটে বাস চলাচল এখনও শুরু হয়নি।"
তিনি জানান, পটুয়াখালীর আগে লেবুখালী ফেরি ও বরগুনার আগে আমতলী ফেরিঘাট ঝড়ের তোড়ে পন্টুন ভেসে যাওয়ায় ওই রুটে এখনও বাস চলাচল শুরু হয়নি।
সায়েদাবাদ থেকে বরগুনাগামী মেঘনা পরিবহনের কাউন্টার ম্যানেজার হাকিম উদ্দিন বলেন, "খবর পেয়েছি যেসব ফেরিঘাটের পন্টুন ভেসে গেছে সেগুলো মেরামত করা হচ্ছে। শুনেছি শনিবার রাতের মধ্যেই ঠিক হয়ে যাবে। তবে সড়ক ও জনপথ কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিত না হয়ে আমরা বাস ছাড়তে পারছি না।"
সায়েদাবাদ থেকে দক্ষিণাঞ্চলগামী হানিফ, সাকুরাসহ বিভিন্ন বাসের কাউন্টার ঘুরে দেখা গেছে তাদের নির্ধারিত রাতের বাসগুলোর যাত্রা বাতিল করা হয়েছে।
ওইসব বাস কর্তৃপক্ষ জানান, দক্ষিণাঞ্চল থেকে তাদের কোনো বাস না আসতে পারায় তারা এখনও বাস চলাচল স্বাভাবিক করতে পারেনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএনডি/এমএআর/এমএসবি/এমএ/১৯০৫ ঘ.
bdnews24