ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একটি মহার্ঘ ভাতা দেওয়ার মাধ্যমে বেতন বাড়ানোর জন্য সরকারের কাছে সুপারিশ করেছে পে-স্কেল বিষয়ক কমিটি। শিগগিরই এ বিষয়ে অর্থ উপদেষ্টার কাছে একটি প্রতিবেদন জমা দেবে তারা।
বৃহস্পতিবার কমিটির চতুর্থ ও শেষ বৈঠক শেষে এর প্রধান অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এটিএম ফজলুল করিম সাংবাদিকদের বলেন, "মূল্যস্ফীতির চাপের সঙ্গে তাল মেলাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো প্রয়োজন বলে আমরা একমত হয়েছি।"
তবে কী পরিমাণ বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে তা জানাতে রাজি হননি অতিরিক্ত সচিব।
ফজলুল করিম বলেন, "কমিটি এ ব্যাপারে দ্রুত একটি প্রতিবেদন অর্থ উপদেষ্টার কাছে জমা দেবে। এরপর সর্বোচ্চ কর্তৃপক্ষ বেতন বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে।"
গত আগস্ট মাসে মাসভিত্তিক মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ১২ শতাংশ। তবে সেপ্টম্বরে তা কমে ৯ দশমিক ৬ শতাংশ হয়। সরকার ধারণা করছে চলতি অর্থবছরে বার্ষিক মূল্যস্ফীতির হার সাত শতাংশের নিচে থাকবে। তবে আরও বেশি মূল্যস্ফীতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদরা।
পে-স্কেল বিষয়ক কমিটির বৃহস্পতিবারের সভায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতির হার, জীবনযাত্রার ব্যয় ও অর্থনীতির স্থবির অবস্থাসহ বিভিন্ন সূচক নিয়ে আলোচনা করেন সদস্যরা। এছাড়া, মূল্যস্ফীতির পরিপ্রেক্ষিতে প্রতিবেশী দেশগুলোতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে তা নিয়েও আলোচনা হয়েছে।
গত জোট সরকারের সময় প্রশাসন ও সামরিক শাখার সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের জন্য ৫৩ দশমিক ৩৩ শতাংশ ও নিম্ন পর্যায়ের কর্মকর্তাদের জন্য ৬০ শতাংশ বেতন বাড়ানো হয়। ২০০৫ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হয় ওই পে-স্কেল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/টিএইচ/এসএনডি/এমএইচবি/২৩০২ ঘ.
bdnews24