ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদা না দেওয়ায় বুধবার রাজধানীর মিরপুরে একটি তৈরি পোশাক কারখানায় বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।
এ ঘটনায় কারখানার মালিক মিরপুর থানায় একটি সাধারণ এজাহার (জিডি) করেছেন।
মিরপুর থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুল কুদ্দুস জিডির উদ্ধৃতি দিয়ে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১১ টার দিকে ৯৬ দারুস সালাম সড়কের কমফোর্ট অ্যাপারেলসের প্রধান ফটকে দুই যুবক কয়েকটি বোমা ফাটিয়ে পালিয়ে যায়।
রুহুল আমিন জিডিতে অভিযোগ করেন, কিছুদিন ধরে অজ্ঞাত সন্ত্রাসীরা তার কাছে টেলিফোনে চাঁদা দাবি করছে। চাঁদা না দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। সন্ত্রাসীরা তাদের সঙ্গে যোগাযোগের জন্য কয়েকটি টেলিফোন নম্বর দেয়। জিডিতে এমন কয়েকটি টেলিফোন নম্বর উল্লেখ করা হয়েছে।
আব্দুল কুদ্দুস জানান, উপ-পরিদর্শক শাহজান মিয়াকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএনডি/২২০০ ঘ.
bdnews24