ফরিদপুর, নভেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ১৭ আগস্ট মামলার আসামি শহীদুল ইসলামকে বুধবার কারাগারে পাঠিয়েছে আদালত।
শহীদুলকে মঙ্গলবার গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়।
২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী জেএমবির সিরিজ বোমা হামলার ঘটনায় ফরিদপুরে দায়ের করা মামলায় শহীদুল অভিযোগপত্রভুক্ত আসামি বলে জানিয়েছেন ওই মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জেহাদ খান।
গ্রেপ্তারের পর বুধবার শহীদুলকে ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হলে বিচারক আব্দুল মজিদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, ওই মামলার অভিযোগপত্রভুক্ত ১৭ জন আসামির মধ্যে শহীদুলসহ সাত জন গ্রেপ্তার হলেন। বাকিরা পলাতক। মামলাটি বর্তমানে ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৩২ ঘ.
bdnews24