২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতিকদের সঙ্গে কোনো সংলাপে যাচ্ছে না সরকার

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো সংলাপে বসছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। বুধবার নিজের কার্যালয়ে জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এক প্রশ্নের জবাবে বলেন, "নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। (আরো তথ্যসহ -১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2007, 11:46 AM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো সংলাপে বসছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। বুধবার নিজের কার্যালয়ে জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এক প্রশ্নের জবাবে বলেন, "নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। এ মুহূর্তে সরকারের সঙ্গে আলোচনার প্রয়োজন আছে বলে মনে করছি না।" তিনি বলেন, "ভবিষ্যতে প্রয়োজন হলে বিবেচনা করে দেখা যাবে"। (আরো তথ্যসহ -১) যুদ্ধাপরাধীদের তালিকা তৈরি বা তাদের বিচারের ব্যবস্থা করার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা এ সংক্রান্ত প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, "যুদ্ধাপরাধীদের নির্বাচনে অংশগ্রহণ সম্পূর্ণ অনভিপ্রেত।" তিনি বলেন, "কে বা কারা যুদ্ধাপরাধী, তা কীভাবে নির্ণয় করা হবে? কোনো ক্ষুব্ধ ব্যক্তি যদি বিষয়টি নিয়ে আইনের আশ্রয় নিতে চান, তবে সে জন্য এখনো তো দরজা খোলা রয়েছে। আমি তা স্বাগত জানাবো।" অপর এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, "অতীতে কেউ যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিয়েছে বলে আমার জানা নেই। তারা জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছিল। আমরা এসেছি অল্প সময়ের জন্য, সীমিত লক্ষ্য নিয়ে কাজ করছি। কাজের অনুকূল পরিবেশ তৈরির জন্য প্রাসঙ্গিক সংস্কারের কাজে হাত দিয়েছি।" তিনি বলেন, "যে কোন বড় কাজ করার সময় অন্য দিকে কাজের পরিধি বাড়িয়ে দিলে মূল কাজ ব্যাহত হয়। " জরুরি অবস্থা প্রত্যাহারের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, "যখন সরকার মনে করবে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে, তখন অবশ্যই জরুরি অবস্থা তুলে নেওয়া হবে।" বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৯০ দিন অতিক্রান্ত হওয়ার পর সুপ্রিম কোর্টের কাছে রেফারেন্স চাওয়া প্রসঙ্গে ফখরুদ্দীন আহমদ বলেন, "সংবিধান বিশেজ্ঞদের সঙ্গে এ বিষয়ে আলাপ হয়েছে। তারা বলেছেন, আগামী নির্বাচনের পর সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা পর্যন্ত বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় থাকতে পারবে। এরপর আর রেফারেন্স নেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না।" সুপ্রীম কোর্টের কাছে রেফারেন্সের বিষয়ে ভবিষ্যতে কোন বিশেষজ্ঞ কথা তুললে, তখন বিষয়টি দেখা যাবে বলে জানান তিনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে স্বীকার করে প্রধান উপদেষ্টা বলেন, "চাল, গম, ভোজ্য তেল ও গুড়ো দুধের দাম বেড়েছে। এই পণ্যগুলো আমদানি করতে হয়। আন্তর্জাতিক বাজারে চালের চেয়ে গমের দাম বেশি। আমদানি করা চাল দিয়ে কাবিখা, ভিজিএফ ও ওএমএস এর মত কার্যক্রম চালানো হচ্ছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত ভিজিএফ কর্মসূচি চলবে।" তিনি বলেন, "মঙ্গাকবলিত এলাকায় পরিবার প্রতি ১৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে। খাদ্য সহায়তামূলক কর্মসূচীগুলো বাজার দর নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমি আশা করি।" প্রধান উপদেষ্টা বলেন, "কৃষক পর্যায়ে সার সরবরাহ নিশ্চিত করার দায়িত্ব সরকারের।" সংবাদপত্রে সার সংকট বিষয়ে খবরগুলো অসত্য নয় উল্লেখ করে তিনি বলেন, "সারা দেশে সাড়ে চার হাজার ডিলারের মাধ্যমে সার বিতরণ করা হচ্ছে। সার ব্যবস্থাপনা আরো উন্নত করার চেষ্টা চলছে। প্রতি ডিলারের সঙ্গে অতিরিক্ত আরো ৩ জন করে সাব ডিলার নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে কৃষকরা বেশি জায়গা থেকে সার সংগ্রহ করতে পারে।" প্রধান উপদেষ্টা বলেন, "অতীতে কৃষি খাতকে সঠিকভাবে অগ্রাধিকার দেওয়া হয়নি। এখন গবেষণার জন্য নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বল্প সময়ের মধ্যে কীভাবে ধান, চাল ও ভোজ্য তেলের উৎপাদন বাড়ানো যায় সে বিষয়ে সরকার পদক্ষেপ নিয়েছে।" মূল্যস্ফীতির বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, "আগস্ট মাসে মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ১২ ভাগ। এখন সেটা কমে ৯ দশমিক ৬ ভাগে নেমে এসেছে। এটা সার্বিকভাবে দ্রব্যমূল্যের উপর ইতিবাচক প্রভাব ফেলবে।" সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে যাওয়ার আগে প্রধান উপদেষ্টা তার বক্তৃতায় বলেন, "বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করা। সেই লক্ষ্য সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। নির্বাচিত সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করব। নির্বাচন কমিশন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে, সরকার তাদের সব ধরনের সহায়তা দিচ্ছে। নির্বাচন কমিশন ও সরকারের যৌথ প্রয়াসে নির্বাচনের ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করেছে। ভবিষ্যতে এর গতি বাড়বে।" তিনি বলেন, "দেশের ক্রান্তিলগ্নে ১০ মাস আগে আমরা দায়িত্ব নিয়েছিলাম। দুর্নীতি, নীতিহীনতা, প্রায় সর্বক্ষেত্রে দলীয়করণ, অগণতান্ত্রিক আচরণ জাতিকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছিল। আমরা সেই পরিস্থিতি থেকে অনেকটা বেরিয়ে আসতে পেরেছি।" প্রধান উপদেষ্টা বলেন, "সুশাসন নিশ্চিতকরণ, গণতন্ত্রের ভীত মজবুত করার লক্ষ্যে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, সরকারি কর্মকমিশন শক্তিশালী করার প্রক্রিয়া চলছে। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার মাধ্যমে গণতন্ত্রের ভীত মজবুত হয়েছে বলে আমি মনে করি। স্থানীয় সরকারকে শক্তিশালী করার লক্ষ্যে ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সংক্রান্ত কমিটি তাদের রিপোর্ট সরকারের কাছে জমা দিয়েছে। এই রিপোর্ট বাস্তবায়ন করা হলে কেন্দ্রীয় ও স্থানীয় সরকারের ক্ষমতা ভাগ হয়ে যাবে।" বিদেশে পাচার করা টাকা ফেরত আনার প্রসঙ্গে তিনি বলেন, "আমার জানা মতে এ পর্যন্ত ৮'শ কোটি টাকার বেশি দেশে ফেরত আনা হয়েছে"। বাজার ব্যবস্থাপনায় দুর্বলতা দূর করার ব্যাপারে নানা ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে বলে প্রধান উপদেষ্টা জানান। তিনি বলেন, "ভোক্তা অধিকার সংরক্ষণ অধ্যাদেশ নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। চূড়ান্ত অনুমোদনের জন্য আগামী দুই মাসের মধ্যে আবার উপদেষ্টা পরিষদে আসবে। অধ্যাদেশটি কার্যকর হলে বাজার নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি আশা করি।" অপর এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, "আগামী সাত দিনের মধ্যে সাংবাদিকদের ষষ্ঠ ওয়েজ বোর্ডের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।" তিনি বলেন, "ফ্রিডম অব ইনফরমেশন অ্যাক্ট প্রণয়নের বিষয়টি বিবেচনাধীন রয়েছে। ভবিষ্যতে অধ্যাদেশ জারির মাধ্যমে কার্যকর করা হবে।" তিনি বলেন, "দুয়েক দিনের মধ্যেই বেটার বিজনেস ফোরাম গঠন করা হবে। এই ফোরামে বসে আমরা আলোচনা করব। দুর্নীতি বিরোধী অভিযানের ফলে বেসরকারি খাতে যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, বেটার বিজনেস ফোরামে আলোচনার মাধ্যমে তা কেটে যাবে বলে আমি বিশ্বাস করি। গোয়েন্দা সংস্থাগুলোকে রাজনৈতিকভাবে ব্যবহার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, "এই প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সমীচীন হবে না।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/টিএইচ/এমএআর/এমএ/২০৩০ ঘ.