ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট কর্মকর্তা ডা. ফিরোজ মাহমুদ ইকবালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারি অর্থ অপচয় এবং দুর্নীতি দমন কমিশনে দেওয়া সম্পদের হিসাব বিবরণীতে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা দুটি করা হয়।
মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেন তেজগাঁও ও রমনা থানায় এ দুটি মামলা করেন। সম্পদের তথ্য গোপন করার অভিযোগে রমনা থানায় করা মামলায় ডা. ফিরোজের স্ত্রী ইমতিয়াজ বেগমকেও আসামি করা হয়েছে।
তেজগাঁও থানার উপপরিদর্শক মো. নিজামউদ্দিন মামলার এজাহারের উদ্ধৃতি দিয়ে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ডা. ফিরোজ মাহমুদ ইকবাল ২০০২-০৬ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট কর্মকর্তা থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দুটি এবং অ্যাসেনসিয়াল ড্রাগস কোম্পানির ৩ টি গাড়ি অবৈধভাবে দখলে রাখেন। এসব গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করে জ্বালানি ও অন্যান্য খরচ মিলিয়ে তিনি সরকারের ৩৪ লাখ ৯০ হাজার ৭৬৮ টাকা অপচয় করেছেন।
এজাহারে বলা হয়, সরকারের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা. ফিরোজ ২০০২ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাসাইনমেন্ট কর্মকর্তা হিসেবে প্রেষণে যোগ দেন। ২০০৩ সালের ৩ জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমতি ছাড়াই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) ফোন করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জন্য জরুরি ভিত্তিতে একটি গাড়ি পাঠাতে বলেন। এলজিইডি থেকে ওইদিনই একটি পাজেরো জিপ (ঢাকা মেট্রো-গ-১১৪৫৫২) প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। কিন্তু ডা. ফিরোজ গাড়িটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাজে ব্যবহার না করে ব্যক্তিগত কাজে ব্যবহার করতে থাকেন।
পরে ২০০৫ সালের প্রথম দিকে ওই গাড়ির পরিবর্তে একটি অটো গিয়ারের পাজেরো (ভি-৬) গাড়ি পাঠাতে বলেন তিনি। কিন্তু এলজিইডি কর্তৃপক্ষ এ ধরনের গাড়ি নেই জানালে ডা. ফিরোজ একটি নির্দিষ্ট গাড়ি (ঢাকা মেট্রো-ঘ-১১-৬৫৯৬) পাঠাতে বলেন। এলজিইডি এ গাড়িটি দিলেও তিনি আগের গাড়িটি ফেরত দেননি।
২০০৬ সালের অক্টোবরের শেষ থেকে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ক্ষমতা ছাড়ার আগ পর্যন্ত দুটি গাড়িই ব্যক্তিগত কাজে ব্যবহার করেন ডা. ফিরোজ। গাড়ি দুটির জ্বালানি ও অন্যান্য খরচ মিলিয়ে সরকারের ১৫ লাখ ৩ হাজার ৬৭৭ টাকার অর্থ অপচয় হয়েছে।
একই সময় ডা. ফিরোজ অ্যাসেনসিয়াল ড্রাগস কোম্পানিরও তিনটি গাড়ি ব্যবহার করেন। এসব গাড়ি তিনি বগুড়ার বাড়িতে যাতায়াত ও সন্তানদের স্কুলে আনা- নেওয়াসহ বিভিন্ন ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন। তিনটি গাড়ির জ্বালানি ও অন্যান্য খরচের কারণে সরকারের ১৯ লাখ ৮৭ হাজার ১৩ টাকার অপচয় হয়েছে।
রমনা থানার সহকারী উপপরিদর্শক নূরুল ইসলাম এজাহারের উদ্ধৃতি দিয়ে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, জ্ঞাত আয় বর্হিভূত এক কোটি ৪৭ লাখ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য গোপনের অভিযোগে ডা. ফিরোজ ইকবাল ও তার স্ত্রী ইমতিয়াজ বেগমকে আসামি করে একটি মামলা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, ডা. ফিরোজ ৮৯ লাখ ৬৭ হাজার টাকার এবং তার স্ত্রী ৫৮ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।
২০০৪ সালের দূর্নীতি দমন কমিশন আইনের ২৭(১) ধারা, বাংলাদেশ দণ্ডবিধির ১০৯ ধারা এবং জরুরি ক্ষমতা বিধিমালার ১৫(গ) ধারায় এ মামলাটি করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএসবি/২০০০ ঘ.
bdnews24