২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেরোইনসহ আটক দুজন ৫ দিনের রিমান্ডে

জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার সাড়ে ২৩ কেজি হেরোইনসহ আটক দুই যাত্রীকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2007, 01:13 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার সাড়ে ২৩ কেজি হেরোইনসহ আটক দুই যাত্রীকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বিমানবন্দর থানার উপ-পরিদর্শক মো. জিল্লুর রহমান মঙ্গলবার দুপুরে অভিযুক্ত আরিফুল ইসলাম ভূইয়া, মাহমুদ আলী কফিলকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন রিমান্ড চান। পরে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শওকত আলী চৌধুরী তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তরা আন্তর্জাতিক হেরোইন চোরাচালান চক্রের সদস্য। তারা হেরোইন পাচার করতে চীনে যাওয়ার চেষ্টা করছিল। তাদের গডফাদার ও সহযোগীদের সম্পর্কে জানার জন্য জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সোমবার দুপুরে বিমানবন্দর থেকে আরিফুল ইসলাম ভূইয়া, মাহমুদ আলী কফিলকে হেরোইনের চালানসহ আটক করে সিভিল এভিয়েশন ও কাস্টমস কর্মকর্তারা। ড্রাগন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা চীন যাচ্ছিল। তাদের কাছ থেকে ১৬টি প্যাকেটে সাড়ে ২৩ কেজি হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় কাস্টমস পরিদর্শক সাইফুল ইসলাম বিমানবন্দর থানায় একটি মামলা করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমএআর/এসএনডি/১৯১২ ঘ.