ঢাকা ,নভেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফার ডটকম) - চাঁদাবাজির অভিযোগে তেজগাঁও থানা পুলিশ বিএনপির সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার করেছে।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সাবেক সংসদ সদস্য খৈয়মকে কাকরাইল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মানিকগঞ্জের সোলায়মান নামে এক ব্যক্তির করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
সোলায়মান দাবি করেছেন, দৌলতদিয়া ফেরি ঘাটে পার্কিং ইয়ার্ডের কাজ পাইয়ে দেওয়ার জন্য ২০০৫ সালে খৈয়ম ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। কয়েকটি চেকের মাধ্যমে বাদি এই চাঁদার টাকা প্রদানও করেছেন।
মামলায় খৈয়মসহ তিনজনকে আসামী করা হয়। অপর দুইজন হলেন আসাদুজ্জামান এবং আনোয়ার হোসেন। তবে তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/১৭১১ঘ.
bdnews24