ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - -দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন এলাকায় সৃষ্ট ঘূর্ণিঝড় 'সিডর' উত্তর-উত্তরপশ্চিমাঞ্চলে ঘুরে কেন্দ্রীভূত হয়ে মঙ্গলবার সকাল নয়টায় চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরের যথাক্রমে প্রায় এক হাজার ১১৫ কিলোমিটার ও এক হাজার ৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে এবং মংলা সমুদ্রবন্দরের এক হাজার ৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
এটি আরো ঘনীভূত হয়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিকে সরে যেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের এক বুলেটিনে বলা হয়েছে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটার এলাকায় বাতাসের সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় ১৬৫ কিমি থেকে বেড়ে ১৮৫ কিমি পর্যন্ত উঠছে। সমুদ্র উত্তাল থাকবে বলেও আবহাওয়া অফিস জানিয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার এবং মংলা সমুদ্রবন্দরকে এতক্ষণ ধরে বহাল ২ নম্বর সতর্কতা সংকেত নামিয়ে ৪ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে চলে আসতে বলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএফ/এসকে/১৩৩২ঘ.
bdnews24