২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অদক্ষ-বিতর্কিতদের বিচারাঙ্গন থেকে বাদ দেওয়ার দাবি বার কাউন্সিলের

অদক্ষ ও বিতর্কিত ব্যক্তিদের বিচারাঙ্গন থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। এ ছাড়া মামলার সুষ্ঠু তদন্তের জন্য তদন্তকারী পুলিশকে নির্বাহী বিভাগের আওতার বাইরে রাখার জন্য একটি প্রভাবমুক্ত তদন্ত সংস্থা গঠন করার পরামর্শও দিয়েছে আইনজীবীদের এই সংস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2007, 03:54 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অদক্ষ ও বিতর্কিত ব্যক্তিদের বিচারাঙ্গন থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। এ ছাড়া মামলার সুষ্ঠু তদন্তের জন্য তদন্তকারী পুলিশকে নির্বাহী বিভাগের আওতার বাইরে রাখার জন্য একটি প্রভাবমুক্ত তদন্ত সংস্থা গঠন করার পরামর্শও দিয়েছে আইনজীবীদের এই সংস্থা। সোমবার বিকালে এক সাংবাদিক সম্মেলনে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন এই দাবি জানিয়ে তিনি বলেন, "নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হওয়ার সুফল জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিচারকাজে নিয়োজিত ও সম্পৃক্তদের সব ধরনের দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে।" মামলার সুষ্ঠু তদন্তের জন্য তদন্তকারী পুলিশকে নির্বাহী বিভাগের আওতার বাইরে রাখার জন্য একটি প্রভাবমুক্ত তদন্ত সংস্থা গঠন করার পরামর্শ দিয়ে তিনি বলেন, "ফৌজদারি মামলায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত না হলে শুধু সৎ ও দক্ষ বিচারক দিয়ে ন্যায়বিচার সম্ভব হবে না।" সরকারি আইনজীবী নিয়োগের ক্ষেত্রে নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য বার কাউন্সিলের পক্ষ থেকে সরকারের কাছে অনুরোধ জানিয়ে লিখিত বক্তব্যে মাহবুব হোসেন বলেন, "সরকার পক্ষে মামলা পরিচালনার জন্য যেসব আইনজীবী নিযুক্ত হয়েছেন তাদের অনেকের দক্ষতা ও সততা নিয়ে প্রশ্ন রয়েছে। সুপ্রিম কোর্টের পাশে 'বাংলাদেশ বার কাউন্সিল ভবন'এ আয়েজিত সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টকে দৃঢ় মনোভাব ও বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করে বিচারাঙ্গনকে কলুষমুক্ত করতে হবে। অদক্ষ ও বিতর্কিত ব্যক্তিদের বিচারাঙ্গন থেকে বাদ দিতে হবে। প্রয়োজনে একটি কমিশন গঠন করে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বার কাউন্সিল সদস্য এ ওয়াই মশিউজ্জামান, শাহ খসরুজ্জামান ও ফকির দেলোয়ার হোসেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচবি/২১২৮ ঘ.