২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে জামায়াত নেতা গ্রেপ্তার

জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলা শাখার আমির এ কে এম শামসুল হককে সোমবার ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2007, 10:06 AM

Updated : 26 Aug 2022, 08:55 PM

লালমনিরহাট, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলা শাখার আমির এ কে এম শামসুল হককে সোমবার ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ। সরকারি কর্মকর্তাদের প্রতি বিরূপ মন্তব্য এবং নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগে জরুরি বিধিমালায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাইজুর রহমান। দুপুরে শামসুল হককে আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওসি ফাইজুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ইউএনও কার্যালয়ের অফিস সহকারী মির্জা শাহাদাত হোসেন বাদি হয়ে রোববার রাতে জরুরি বিধিমালায় কালীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় জামায়াতে ইসলামীর ১০ নেতা-কর্মীর নাম উল্লেখসহ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়। এজাহারের উদ্ধৃতি দিয়ে ওসি জানান, স্থানীয় জামিরবাড়ি মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে ওই এলাকার আবরার চৌধুরী ও শামসুল হকের মধ্যে বিরোধ চলছিল। এনিয়ে আবরার চৌধুরী কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল হকের কাছে একটি লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে গত ৩১ অক্টোবর চিঠি দিয়ে ইউএনও দুজনকেই তার কার্যালয়ে ডাকেন। কিন্তু সেদিন আবরার চৌধুরী অনুপস্থিত থাকায় ইউএনও শুনানি মুলতবির কথা জানালে জামায়াত নেতা ক্ষিপ্ত হয়ে ইউএনওর বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেন এবং সঙ্গীদের নিয়ে ইউএনও কার্যালয় ঘেরাও করেন। এ বিষয়ে যোগাযোগ করা হলে ইউএনও হামিদুল হক চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "উধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মামলাটি করা হয়েছে। তাই মামলা করতে একটু দেরি হয়েছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৫৩১ ঘ.