ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সম্পদের হিসাব নেওয়ার পর গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির বিশেষ টাস্কফোর্স এবার ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) কর্মকর্তা - কর্মচারি ও তাদের পরিবারের সদস্যদের পাসপোর্ট জব্দ করেছে।
ডিসিসির জনসংযোগ কর্মকর্তা আব্দুর রহমান সোমবার সকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, টাস্কফোর্সের পক্ষে যৌথ বাহিনীর সদস্যরা এ সব পাসপোর্ট জব্দ করেন।
আব্দুর রহমান আরও জানান, ডিসিসির সচিব গোলাম মোস্তফা গত ৫ নভেম্বর এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারী করেন। ওই আদেশে বলা হয়, টাস্কফোর্সের চাহিদা অনুযায়ী ডিসিসির সকল কর্মকর্তা - কর্মচারি ও তাদের পরিবারের সদস্যদের তিন কার্যদিবসের মধ্যে সচিবের দফতরে জমা দিতে হবে। কোনো কর্মকর্তা-কর্মচারির পাসপোর্ট নিজের প্রয়োজন হলে তার কারণ উল্লেখ করে আবেদন করার জন্যও অফিস আদেশে বলা হয়।
রোববার বিকালে পাসপোর্ট জমা দেওয়ার শেষ সময় ছিল বলে জানান জনসংযোগ কর্মকর্তা। তবে কি পরিমাণ পাসপোর্ট এ পর্যন্ত জব্দ করা হয়েছে, তা তিনি জানাতে পারেননি।
ডিসিসি সূত্র জানায়, প্রতিষ্ঠানটিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর স্থায়ী কর্মকর্তা -কর্মচারি রয়েছেন চার হাজার ৯৪০ জন। এর বাইরে মাস্টার রোলে রয়েছেন সাত হাজার ২৭২ জন চতুর্থ শ্রেণীর অস্থায়ী কর্মচারি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ বিআর/এসকে/১২৫০ ঘ.
bdnews24