ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সমাজে নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করার ওপর জোর দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বলেছেন, পুরুষতান্ত্রিক সমাজ কাঠামোয় নারীর বঞ্চনা ও অধিকারহীনতাকে খাটো করে দেখার অবকাশ নেই। একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হলে এ ব্যবধান কমাতে হবে। নিজের ঘরে অসাম্য ও অবিচার জিইয়ে রাখলে জাতীয় পর্যায়ে সব অর্জনও ব্যর্থতায় পর্যবসিত হবে।
রোববার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় চেঞ্জমেকার সম্মেলনে তিনি এসব কথা বলেন। 'পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট'-এর 'আমরাই পারি প্রচারাভিযান' কেন্দ্র করে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে নারীর আর্থ-সামাজিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে জানিয়ে ফখরুদ্দিন আহমদ বলেন, "সমাজের সর্বস্তরে নারী ও পুরুষের সমমর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠার প্রয়াস আমাদেরকে অব্যাহতভাবে চালিয়ে যেতে হবে। গত কয়েক দশকে বাংলাদেশে নারীদের সামাজিক ও পারিবারিক অবস্থানের উন্নতি হয়েছে। শিক্ষার মাধ্যমে তারা স্বাবলম্বী হতে ও জীবিকা অর্জন করতে শিখেছে। নিজের অধিকার প্রতিষ্ঠায় ও বঞ্চনা-নির্যাতন প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখছে। তাদের এই প্রয়াসে সমাজের পুরুষ-শ্রেণীও সম্পৃক্ত হচ্ছে।"
লিখিত বক্তৃতায় প্রধান উপদেষ্টা 'পারিবারিক নির্যাতনমুক্ত' বাংলাদেশ গড়ার লড়াইয়ের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
নারী উন্নয়নের পাশাপাশি তাদের প্রতি অব্যাহত বঞ্চনার কথা উল্লেখ করে তিনি বলেন, "আমাদের আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। আশাবাদের আড়ালে সমাজবাস্তবতাকে ঢেকে রাখলেও চলবে না। পুরুষতান্ত্রিক সমাজ কাঠামোর ভেতর নারীর বঞ্চনা ও অধিকারহীনতাকে আমাদের খাটো করে দেখার কোনো অবকাশ নেই। একটি ন্যায়ভিত্তিক, সমাজ গড়তে হলে এ ব্যবধান আমাদেরকে ক্রমেই হ্রাস করতে হবে।"
এর জন্য সমাজের সবস্তরে নারী-পুরুষের সমমর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠার প্রয়াস চালানোর ওপর জোর দেন তিনি।
বাংলাদেশে নারী নির্যাতনের একটি পরিসংখ্যান দিয়ে ফখরুদ্দীন আহমদ বলেন, "দুঃখজনক হলেও সত্য, জাতিসংঘের একটি সংস্থার সা
bdnews24