ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি করপোরেশন এলাকায় আগামী ২০ নভেম্বর থেকে ছবিসহ ভোটার তালিকার জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে।
শনিবার সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, ভোটার তালিকার তথ্য সংগ্রহের কাজ ১০ নভেম্বর থেকে শুরু হবে বলে কয়েকটি জাতীয় দৈনিকে শনিবার খবর প্রকাশিত হয়েছে। প্রকৃতপক্ষে এ কাজ আগামী ২০ নভেম্বর থেকে শুরু হবে।
তথ্য বিবরণীতে আরও বলা হয়, ঢাকা সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার ভোটার নিবন্ধন কেন্দ্রে পর্যায়ক্রমে ছবি তোলা ও তথ্য অন্তর্ভুক্ত করার কাজ শুরু হবে আগামী ১ ডিসেম্বর থেকে। সাধারণত এর সাত থেকে ১০ দিন আগে তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করেন।
এ অনুযায়ী ২০ নভেম্বর থেকে বিভিন্ন সময়ে তথ্যসংগ্রকারীরা নিবন্ধন ফরম পূরণের জন্য ভোটারদের বাড়ি যাবেন।
আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ঢাকা সিটি করপোরেশনের বিভিন্ন এলাকার নিবন্ধন কেন্দ্রে ভোটারদের ছবি তোলা ও তথ্য অন্তর্ভুক্তির কাজ চলবে বলে তথ্য বিবরণীতে আশা প্রকাশ করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএনডি/১১১৫ ঘ.
bdnews24