২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানবেন্দ্র লারমা আমাদের জাতীয় নেতা: জিল্লুর রহমান সিদ্দিকী

জাতীয় নেতা হিসেবে অভিহিত করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জিল্লুর রহমান সিদ্দিকী। সাবেক এই গেরিলা নেতার ২৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতি জিল্লুর রহমান সিদ্দিকী বলেন, "এম এন লারমা কেবল জম্মুদের নেতা নয়, তিনি আমাদের জাতীয় নেতা।"(সংশোধিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2007, 12:03 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমাকে (এন এম লারমা) জাতীয় নেতা হিসেবে অভিহিত করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জিল্লুর রহমান সিদ্দিকী। সাবেক এই গেরিলা নেতার ২৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতি জিল্লুর রহমান সিদ্দিকী বলেন, "এম এন লারমা কেবল জম্মুদের নেতা নয়, তিনি আমাদের জাতীয় নেতা। তার জীবন ও কর্ম সম্পর্কে নতুন প্রজন্মকে জানানো একটা জাতীয় কর্তব্য।" (সংশোধিত) 'মানবেন্দ্র নারায়ণ লারমার ২৪ তম মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি' আয়োজিত ওই আলোচনা সভায় গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, "বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য মানবেন্দ্র নারায়ণ লারমার স্বপ্ন ও আদর্শের সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনার কোনো গুণগত বিরোধ নেই। এ বিষয়ে সংবিধানের ভাষার সঙ্গে মতের অমিল হলেও গুণগত ও আদর্শিক কোনো দ্বন্দ্বের অবকাশ নেই।" আলোচনা সভায় সৈয়দ আবুল মকসুদ লিখিত প্রবন্ধে বলেন, "এম এন লারমাই প্রথম পার্বত্যাঞ্চলের ১৩টি ভাষাগত সংখ্যালঘু আদিবাসী পাহাড়িদের রাজনৈতিকভাবে সংগঠিত করেছিলেন। জুম্ম (পাহাড়ি) জাতীয়তাবাদের অগ্রদূতের বক্তব্য ও সংগ্রামে কেবল পাহাড়ি জনগণ নয়, সব শ্রমজীবী মানুষের স্বার্থের কথা ধ্বনিত হয়েছে।" আবুল মকসুদ আদিবাসী ও বাঙালির সম অধিকার প্রশ্নে মানবেন্দ্র লারমার দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে বলেন, "তোমরা সবাই বাঙালি হয়ে যাও- বঙ্গবন্ধুর এই আহ্বানের প্রতিবাদ জানিয়ে এম এন লারমা বলেছিলেন, একজন বাঙালি কোনোদিন চাকমা হতে পারে না, অনুরূপ একজন চাকমাও বাঙালি হতে পারে না।" গণফোরাম নেতা পঙ্কজ ভট্টাচার্য বলেন, এম এন লারমা নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলেছেন। স্বাধীন দেশে সংখ্যাগরিষ্ঠ বাঙালি যখন সংখ্যালঘু জাতিসত্তাকে অধিকার বঞ্চিত করেছিল তখন তিনি সশস্ত্র সংগ্রামের পথ বেছে নেন। সরকার তার সংগ্রামের যৌক্তিকতা মেনে পার্বত্য শান্তিচুক্তি করলেও বাস্তবায়ন না করে অন্যায় করছে বলে মন্তব্য করেন পঙ্কজ ভট্টাচার্য। সভায় ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য হায়দার আকবর খান রনো অবিলম্বে পাবর্ত্য শান্তি চুক্তির বাস্তবায়ন করে পাহাড়িদের ভূমির অধিকার দেওয়ার দাবি জানান। বাসদের আহ্বায়ক খালেকুজ্জামান অভিযোগ করেন, নিপীড়িত মানুষের সংগ্রাম থামিয়ে দিতে বাংলাদেশ সরকার পঞ্চম বাহিনী তৈরি করে মানবেন্দ্র লারমাকে নেতাকে হত্যা করেছে। এছাড়া, আলোচনা সভায় এম এন লারমার বোন জ্যোতি প্রভা লারমা ভাইয়ের কৈশোর ও যৌবনের বিভিন্ন অধ্যায়ের বর্ণনা দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/এসএনডি/এমএ/১৭৪৪ঘ.