জামিনে মুক্ত আব্দুল আওয়াল মিন্টু
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু বৃহস্পতিবার সন্ধ্যায় জামিনে মুক্তি পেয়েছেন। মুক্তি পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আমার মতো নির্দোষ ব্যবসায়ীদের ব্যাপারে সরকার নমনীয় মনোভাব দেখালে দেশের ব্যবসা-বাণিজ্যের বর্তমান মন্দাভাব কেটে যাবে।"
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, উচ্চতর আদালত মিন্টুকে জামিন দেওয়ায় এবং তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।
কারা উপ-মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার সিদ্দিকী সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "মিন্টু সাহেবের বিরুদ্ধে চাঁদাবাজির মামলায় উচ্চ আদালত থেকে জামিনের আদেশ হয়েছে। তাছাড়া তার বিরুদ্ধে আর কোনো মামলাও নেই। এ কারণেই তাকে মুক্তি দেওয়া হয়েছে।"
ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে মিন্টুর দুই ছেলে তাবিত আওয়াল ও তাফছির আওয়ালসহ তার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা তাকে স্বাগত জানান।
মুক্তির জন্য তত্ত্বাবধায়ক সরকারকে ধন্যবাদ জানান তিনি।
যৌথবাহিনী গত ২৯ মে আব্দুল আওয়াল মিন্টুকে আটক করে। পরে তাকে জরুরি বিধিমালার ১৬ (২) ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। ৬ আগস্ট তাকে দেড় মাসের আটকাদেশ দেওয়া হয়।
১৪ আগস্ট ধানমন্ডি থানায় তার বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা করা হয়। গত রোববার উচ্চ আদালত এই মামলায় তার জামিনের আবেদন মঞ্জুর করে।
