ঢাকা, নভেম্বর ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তন বিষয়ক ১৩ তম জাতিসংঘ সম্মেলনে বাংলাদেশকে আলাদা গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক প্যানেলের (আইপিসিসি) চেয়ারম্যান আর কে পাচৌরি। ইন্দোনেশিয়ার বালি দ্বীপে আগামী মাসে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী সংস্থা আইপিসিসি'র চেয়ারম্যান পাচৌরি গত সপ্তাহে নয়াদিল্লীতে জাতিসংঘ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, " মানুষ জানে না বাংলাদেশে কী হচ্ছে। সেখানকার ইস্যুগুলোকে আমার গুরুত্ব দেব।"
অবশ্য এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাননি তিনি।
বালি সম্মেলনে বড় ধরনের কোনো ঘোষণা আসার সম্ভাবনা কম জানিয়ে তিনি বলেন, "তবে বেশ কিছু বিষয়ে যথেষ্ট অগ্রগতি হতে পারে।"
উন্নত দেশগুলোর শিল্পায়নের কারণে নির্গত কার্বন-ডাই-অক্সাইড গ্যাসের প্রভাবে জলবায়ুর পরিবর্তন হওয়ার পাশাপাশি ভূপৃষ্ঠের তাপমাত্রা বাড়ছে। ক্ষতিকর এ গ্যাস নিঃসরণকারী দেশের তালিকায় প্রথম স্থানে আছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ক্যানাডা। অবশ্য এখন চীন ও ভারত জলবায়ুর পরিবর্তনে যথেষ্ট ভূমিকা রাখছে।
আইপসিসি'র হিসেবে বর্তমান হারে কার্বন-ডাই-অক্সাইড গ্যাস নিঃসৃত হতে থাকলে এ শতাব্দীর শেষে পৃথিবীর তাপমাত্রা কমপক্ষে দুই ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। জলবায়ু পরিবর্তনের কারণে এখনই বাংলাদশের মানুষকে অনাকাক্সিক্ষত বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হচ্ছে। এর ফলে ভবিষ্যতে বাংলাদেশের ১০ ভাগ এলাকা তলিয়ে যেতে পারে।
আইপিসিসি চেয়ারম্যান জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের ভৌত অবকাঠামো উন্নয়ন প্রয়োজন হলেও দেশটির সম্পদের অভাব রয়েছে। বিশ্ববাসী দেশটির ব্যাপারে যথেষ্ট মনোযোগী নয়।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতার অভাব রয়েছে মন্তব্য করে তিনি বলেন, "এ অঞ্চলের সরকারগুলো এর পরিণতি সম্পর্কে সচেতন নয়।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/টিএইচ/এসএনডি/এমএ/১৯২০ ঘ.
bdnews24