২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিথ্যা মামলার খেসারত

মিথ্যা মামলা করায় সাতক্ষীরায় এক ব্যক্তিকে এক হাজার টাকা জরিমানা করেছে আদালত। ছিনতাইয়ের অভিযোগে দ্রুত বিচার আইনে দায়ের করা মামলার রায়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম নাসিম রেজা মঙ্গলবার এ নির্দেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2007, 11:22 AM

Updated : 26 Aug 2022, 08:54 PM

সাতক্ষীরা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মিথ্যা মামলা করায় সাতক্ষীরায় এক ব্যক্তিকে এক হাজার টাকা জরিমানা করেছে আদালত। ছিনতাইয়ের অভিযোগে দ্রুত বিচার আইনে দায়ের করা মামলার রায়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম নাসিম রেজা মঙ্গলবার এ নির্দেশ দেন। আসামিদের হয়রানি ও ক্ষতিগ্রস্ত করার অপরাধে মামলার বাদি শ্যামনগর উপজেলার সতীন্দ্রনগর গ্রামের শচীন্দ্রনাথ মণ্ডলকে ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাস কারাভোগের নির্দেশ দেয়া হয়। একই সঙ্গে মামলার সব আসামিকে খালাস দেয়া হয়েছে। তবে রায়ের পরই আদালত থেকে পালিয়ে গেছে বাদি। মামলার বিবরণে জানা যায়, ৩৫ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে চলতি বছরের ২০ আগস্ট শচীন্দ্রনাথ শ্যামনগর থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। এতে আসামি করা হয়, শ্যামনগর উপজেলার খানপুর গ্রামের ইদ্রিস আলী, দরগাহপুর গ্রামের মেছের আলী, ইছাপুর গ্রামের রবিউল ইসলাম ও মুজিবর রহমান এবং হেতালখালি গ্রামের আব্দুল হান্নানকে। বিচারক সাক্ষীদের জবানবন্দি, অভিযোগপত্র ও নথি পর্যালোচনা শেষে নিশ্চিত হন, মামলাটি মিথ্যা। তাই আসামিদের অব্যাহতি দিয়ে বাদিকে সাজা দেয়া হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়। সরকার পক্ষের আইনজীবী (এপিপি) সেলিম আহমেদ জানান, রায়ের পরপরই বাদি আদালত চত্বর থেকে পালিয়ে যায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭১২ ঘ.