ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে বুধবার সকালে আলাদাভাবে ফুল দেওয়ার মধ্য দিয়ে ৭ নভেম্বরের কেন্দ্রীয় কর্মসূচি উদযাপন করেছে বিএনপির দুই অংশ।
তবে কবরে ফুল দিয়ে বাসায় ফেরার পথে খোন্দকার দেলোয়ার হোসেনপন্থী কর্মীদের হাতে নাজেহাল হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহববুুর রহমান। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।
আটককৃতরা হলেন, ৯৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা আলী আশরাফ, সৌদি আরব শ্রমিকদলের নেতা জাকির হোসেন ও ছাত্রদল দক্ষিণ শাখার কর্মী মামুন আহমেদ।
সকাল ৯ টা ৫০ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ও অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী এবং দুপুরে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি ও চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহের নেতৃত্বে দুই শতাধিক নেতা-কর্মী জিয়ার কবরে ফুল দেয়।
ফুল দেওয়ার পর এম সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, "জাতীয়তাবাদী শক্তির ঐক্যই আমার প্রধান কাজ। আমাদের মধ্যে কিছু অনৈক্য সৃষ্টি হয়েছে, এগুলো নিরসন হয়ে যাবে। দলকে ঐক্যবদ্ধ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে আমরা সবাই খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি।"
খালেদা জিয়ার নেতৃত্বে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে অংশ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অস্থায়ী মহাসচিব হাফিজউদ্দিন আহমেদও বিএনপির নেতাকর্মীদের ঐক্যের ওপর জোর দেন।
অন্যদিকে, আ স ম হান্নান শাহ অভিযোগ করেন, ''সাইফুর রহমান ক্ষুদ্র গোষ্ঠীর নেতা হিসেবে বিশেষ ব্যবস্থায় জিয়ার কবরে ফুল দিয়েছেন। তিনি কুচক্রিদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বিএনপির সঙ্গে বেঈমানি করেছেন।''
তিনি দাবি করেন, সাইফুর রহমানের সঙ্গে গুটিকয়েক লোক ছাড়া বিএনপির সবাই খালেদা জিয়ার মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সঙ্গে আছেন।
৭ নভেম্বর উপলক্ষে জিয়া উদ্যান এলাকায় সকাল থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের ক্রিসেন্ট লেক সড়কসহ পুরো এলাকায় মোতায়েন করা হয়। জিয়ার কবরে ফুল দেওয়ার জন্য আসা দলীয় নেতাকর্মীদের দেহ তল্লাশি করে প্রবেশ করতে দেওয়া হয়।
সকাল ৯টা ৪০ মিনিটে স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ও ডেপুটি স্পিকার অ্যাডভোকেট আখতার হামিদ সিদ্দিকী জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তারা সেখানে ফাতেহা পাঠ করেন।
এরপর সাইফুর রহমানের নেতৃত্বে বিএনপির নেতারা শ্রদ্ধা জানান। এ সময়ে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা জেড এ খান, এ এইচ এম মোফাজ্জল করিম, অস্থায়ী মহাসচিব হাফিজ উদ্দিন আহমেদ, সাবেক সাংসদ আব্দুল আলীম, ড. ওসমান ফারুক, মোজাহার হোসেন, মোহাম্মদ আলী, ফজলুল আজিম ও নাজির হোসেনসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এরপর ঢাকার মেয়র ও বিএনপির মহানগর সভাপতি সাদেক হোসেন খোকা ও সাধারণ সম্পাদক আব্দুস সালামও নেতাকর্মীদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতির কবরে ফুল দেন।
দুপুর ১২টায় হান্নান শাহের নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী কবরে ফুল দেয়। তারা কবর প্রাঙ্গণে উলামা দলের এক দোয়া মাহফিলে অংশ নেন। এ সময়ে যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল মান্নান, সাবেক সাংসদ মোহাম্মদ শাহজাহান, অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কেন্দ্রীয় ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, শিমুল বিশ্বাস, মহিউদ্দিন খান মোহন, কবির মুরাদ উপস্থিত ছিলেন।
এছাড়া যুবদল সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে যুবদল, সাহাবুদ্দিন লাল্টুর নেতৃত্বে ছাত্রদল, রিজভী আহমেদের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও জিয়ার কবরে ফুল দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাইফুর রহমানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা সকালে ফুল দিয়ে ফিরে যাওয়ার সময় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহববুুর রহমানও তাদের সঙ্গে ছিলেন। বিজয় সরণীর মোড়ে গাড়িতে ওঠার মুহূর্তে কয়েকজন কর্মী 'মাহবুব ভাই' বলে দৌড়ে এসে তাকে সালাম দেয়। তিনি জবাব দিয়ে করমর্দন করতে এগিয়ে গেলে ওই কর্মীরা মাহববুুর রহমানকে নাজেহাল করে। পরে সাবেক সেনা প্রধান দ্রুত গাড়িতে উঠে চলে যান। ঘটনার সময় রাস্তার বিপরীত পাশে দাঁড়ানো পুলিশের একটি দল বিএনপি কর্মীদের লাঠিপেটা করে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মাহবুবুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি একজন সৈনিক, যুদ্ধ আমাদের পেশা। আমি এখনো যুদ্ধ করছি, বিএনপিকে ঐক্যবদ্ধ করার জন্য আমার এই প্রয়াস অব্যাহত থাকবে। যারা এসব করেছে তারা এ প্রয়াসের বিরোধী শক্তি।"
এছাড়া, দলের চেয়ারপারসনের উপদেষ্টা জেড এ খানও নাজেহাল শিকার হয়েছেন বলে গুজব থাকলেও পরে জানা যায় খবরটি সঠিক নয়। জেড এ খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে দুপুরে বলেন, "এ খবর সঠিক নয়। এই অপপ্রচার উদ্দেশ্যপ্রণোদিত।"
এদিকে, জিয়ার কবর এলাকা থেকে বিএনপির তিন কর্মীকে আটকের ঘটনায় নিন্দা জানিয়েছেন খোন্দকার দেলোয়ার হোসেন। বুধবার দুপুরে রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিবৃতি :
বিএনপির অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ এক বিবৃতিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দলের স্থায়ী কমিটির সদস্য জেনারেল মাহবুবুর রহমানের ওপর হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি আক্রমনকারীদের 'দুস্কৃতিকারী' অভিহিত করে তাদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তিনি বলেন, '' এই আক্রমনকারীদের তৎপরতায় বিএনপির ঐক্য বিনষ্ট হবে না।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/আরএ/এসএনডি/এমএ/১৬২১ঘ.
bdnews24