ঢাকা, নভেম্বর ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- স্বত্বাধিকার (কপিরাইট) ভঙ্গের ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকারের ২০০৭ সালের বিশেষ প্রতিবেদনে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়নি বলে জানিয়েছেন ঢাকার মার্কিন দূতাবাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
মঙ্গলবার রাজধানীর হোটেল শেরাটনে এক সংবাদ সম্মেলন শেষে মার্কিন দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যিক শাখার প্রধান হিদার ভারিয়াভা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, যুক্তরাষ্ট্রের ২০০৭ সালের বিশেষ তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়নি।
এর আগে ইউএস ২০০৭ বিশেষ ৩০১ প্রতিবেদনে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এই প্রতিবেদনের ওপর ভিত্তি করে মেধাস্বত্ব ভঙ্গের অভিযোগে যুক্তরাষ্ট্র সরকার প্রতিবেদনে অন্তর্ভুক্ত দেশগুলোর ওপর বাণিজ্য ও বিনিয়োগ অবরোধ আরোপ করতে পারে। প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হলে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ নিরুৎসাহিত হওয়ার সম্ভাবনা ছিল।
বাংলাদেশের আমেরিকান চেম্বার অফ কমার্স বাংলাদেশে সফটওয়্যার পাইরেসির বিষয়ে একটি গবেষণার প্রকাশ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। তথ্য প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক বাজার গবেষণা সংস্থা আইডিসি এ গবেষণাটি পরিচালনা করে।
হিদার ভারিয়াভা বলেন, এ মুহূর্তে আন্তর্জাতিক মেধাস্বত্ব অধিকার (আইপিআর) নীতিমালা মেনে চলার বাধ্যবাধকতা না থাকলেও এ ব্যাপারে আগে থেকেই সতর্ক হওয়ার জন্য বাংলাদেশকে উৎসাহিত করতে চাই আমরা।
ডব্লিউটিও'র স্বত্বাধিকার নীতিমালা অনুযায়ী স্বল্পোন্নত দেশ হিসেবে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশ এ ব্যাপারে ছাড় পাবে।
বাংলাদেশে আমেরিকান চেম্বারের নির্বাহী পরিচালক আব্দুল গফুর, বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্সের (বিএসএ) এশিয়া অঞ্চলের বিপণন বিভাগের পরিচালক রোলান্ড চ্যান ও স্বত্বাধিকার পরীক্ষক রশিদুদ্দীন খান অনুষ্ঠানে বক্তব্য দেন। আমেরিকান চেম্বারের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আইডিসি'র ২০০৬ সালের গবেষণায় দেখা যায়, বাংলাদেশে সফটওয়্যার পাইরেসির হার ৯২ শতাংশ যা বিশ্বের মধ্যে ৪র্থ সর্বোচ্চ। গবেষণা প্রতিবেদনে বলা হয়, ২০০৬ সালে বাংলাদেশে প্রতি ১০টি নতুন ব্যক্তিগত কম্পিউটারের ৯টি'রও বেশিতে ইন্সটল করা সফটওয়্যার নিবন্ধনবিহীন বা অবৈধভাবে সংগৃহীত। এর ফলে স্থানীয় বাজার ৯ কোটি ডলার আয় থেকে বঞ্চিত হয়েছে।
সফটওয়্যার পাইরেসির ব্যাপারে সরকারকে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয় ওই প্রতিবেদনে।
ব্যক্তিগত কম্পিউটার, ল্যাপটপ ও ক্ষুদ্র আকারের বহনযোগ্য ইলেকট্রনিক যন্ত্রপাতিতে ব্যবহৃত অপারেটিং সিস্টেম, সিস্টেম সফটওয়্যার, বিজনেস অ্যাপ্লিকেশন ও কনজিউমার অ্যাপ্লিকেশনের ব্যবহারের ওপর গবেষণা চালায় আইডিসি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/টিএইচ/এসকে/২২২৪ঘ.
bdnews24