২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইল ও ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত

টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার বাঘিল এলাকায় টাঙ্গাইল-জামালপুর সড়কে মঙ্গলবার বাসচাপায় রিকশাভ্যানের পাঁচ আরোহী নিহত হয়েছে। এছাড়া, ময়মনসিংহে মঙ্গলবার সকাল ও সোমবার গভীর রাতে দুটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে তিনজন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2007, 03:52 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার বাঘিল এলাকায় টাঙ্গাইল-জামালপুর সড়কে মঙ্গলবার বাসচাপায় রিকশাভ্যানের পাঁচ আরোহী নিহত হয়েছে। এছাড়া, ময়মনসিংহে মঙ্গলবার সকাল ও সোমবার গভীর রাতে দুটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে তিনজন। আমাদের টাঙ্গাইল প্রতিনিধি জানান, ধনবাড়ি উপজেলার বাঘিল এলাকায় টাঙ্গাইল-জামালপুর সড়কে মঙ্গলবার বাসচাপায় রিকশাভ্যানের পাঁচ আরোহী নিহত হয়েছে। ভ্যান চাপা দেয়ার পর বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে আহত হন ৩০ জন বাসযাত্রী। ধনবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম জানান, সকাল সাড়ে ৯টার দিকে কেন্দুয়া থেকে ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি বাস বাঘিল এলাকায় একটু সেতুর ওপর বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি রিকশাভ্যানকে চাপা দেয়। এর পর বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসচাপায় চালকসহ ভ্যানের তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যায় বলে ওসি জানান। এরা হলেন, ধনবাড়ি উপজেলার বাঘিল গ্রামের মজিবুল হক (ভ্যান চালক), পালবাড়ি গ্রামের রেজাউল হক ও মধুপুর উপজেলার মাঝিরা গ্রামের আজিজুল হক। গুরুতর আহত পালবাড়ি গ্রামের মোহাম্মদ সেলিম এবং মধুপুরের গাজীপুর গ্রামের ফজলু মিয়া নামে দুই ভ্যান যাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারা মারা যান। এছাড়া দুর্ঘটনায় আহত ৩০ বাসযাত্রীকে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। তারা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। ওসি আব্দুল কাইয়ুম জানান, বাসটি আটক করা হয়েছে, তবে এর চালক পলাতক রয়েছে। ময়মনসিংহ প্রতিনিধি জানান, জেলায় মঙ্গলবার সকাল ও সোমবার গভীর রাতে দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে ১৫ জন। এদের মধ্যে ১০ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের একজন হল শহরের চরপাড়া এলাকার হামিদ আলী (৩০)। অন্য দু'জনের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ৭টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাসকান্দা বাসস্ট্যান্ডের কাছে ময়মনসিংহগামী একটি বাসের সঙ্গে ঢাকাগামী সৌখিন পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে হামিদ আলী নামে একজন মারা যান। এছাড়া, সোমবার মধ্যরাতে ময়মনসিংহ-ফুলবাড়ীয়া সড়কের দাপুনিয়ায় ট্রাক-টেম্পু মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হন। দুর্ঘটনায় গুরুতর আহত ১০ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/এমএআর/এসএনডি/২১৪৫ ঘ.