ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিদেশি টেলিযোগাযোগ কোম্পানি প্রধানের স্বাক্ষর জাল করে টাকা আত্মসাৎ মামলায় ওয়ার্ল্ডটেল বাংলাদেশ লিমিটেডের পরিচালক নাঈম মেহতাব চৌধুরীকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে র্যাব।
মঙ্গলবার দুপুরে ঢাকার তৃতীয় অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম গোলাম রব্বানীর আদালতে র্যাব- ৩ এর উপ-পরিদর্শক মো. আবদুল আউয়াল জিজ্ঞাসাবাদের নাঈম মেহতাবের সাত দিনের রিমান্ড চান।
এর বিরোধিতা করে আদালতে অভিযুক্তের জামিন চান তার আইনজীবী শেখ আবদুল্লাহ, মশিউর রহমান মুরাদ, মাহমুদ হাসান প্রমুখ। শুনানি শেষ আদালত জামিনের আবেদন বাতিল করে নাঈম মেহতাবের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড প্রতিবেদন তদন্ত কর্মকর্তা বলেন, নাঈম মাহতাব ২০০৫ সালে ওয়ার্ল্ডটেল বাংলাদেশ লিমিটেডের পরিচালক ছিলেন। ওই বছরের ১৯ জানুয়ারি তিনি নিজেকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক দেখিয়ে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয় ও ঢাকায় ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান থেকে মোট ৪৬ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেন। এ ঋণ নেওয়ার সময় জিম্মাদার (গ্যারান্টার) হিসেবে ওয়ার্ল্ডটেল হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান স্যাম পিত্রোদার স্বাক্ষর জাল করে ব্যাংকে জমা দেওয়া হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, তখনকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এ জালিয়াতিতে সহায়তা করেন। নাঈম মেহতাব ওয়ার্র্ল্ড কমিউনিকেশন ইনভেস্টমেন্ট ইনক (ডব্লিউসিআইআই) এর মনোনীত ব্যবস্থাপনা পরিচালক। কিন্তু তিনি নিজেকে ওয়ার্ল্ডটেল বাংলাদেশ লিমিটেডেরও ব্যবস্থাপনা পরিচালক হিসাবে পরিচয় দিয়ে আসছিলেন।
তদন্ত কর্মকর্তা বলেন, বাংলাদেশে নিবন্ধিত ওয়ার্ল্ডটেল বাংলাদেশ লিমিটেডের দুই শেয়ার হোল্ডার ওয়ার্ল্ডটেল বাংলাদেশ হোল্ডিং লিমিটেড (ডব্লিউটিবিএইচ) ও ওয়ার্র্ল্ড কমিউনিকেশন ইনভেস্টমেন্ট ইনকরপোরেশন (ডব্লিউসিআইআই)। ওয়ার্র্ল্ড কমিউনিকেশন নিবন্ধিত ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে এবং ওয়ার্ল্ডটেল বাংলাদেশ হোল্ডিং লিমিটেড মরিশাসে নিবন্ধিত।
অভিযুক্ত অপরাধের কথা স্বীকার করেছে জানিয়ে র্যাব কর্মকর্তা বলেন, তবে মূল রহস্য এবং এর সঙ্গে জড়িত অন্যদের নাম ঠিকানা উদ্ধারের জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
গত ১১ জুন ওয়ার্ল্ড টেল বাংলাদেশ হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আমজাদ এইচ খান মতিঝিল থানায় নাঈম মেহতাব চৌধুরী, মির্জা বাবর বেগ ও মবরুর ওমর আইয়াজকে আসামি করে মামলাটি দায়ের করেন।
সোমবার সকালে নাঈম মেহতাবকে গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে র্যাব। অবশ্য মামলার অন্য দুই আসামি এখনো পলাতক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/এমএ/১৯১০ ঘ.
bdnews24