ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-দ্রব্যমূল্য বৃদ্ধির লাগাম টেনে ধরতে চিনির মতো চাল, ডাল, গম, পেঁয়াজ ও শিশু খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্য আমদানির ক্ষেত্রে সুনির্দিষ্ট শুল্ক নির্ধারণ করার দাবি জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাষ্ট্রি (ডিসিসিআই)।
সোমবার সভাপতি হোসেন খালেদের নেতৃত্বে ডিসিসিআই-এর একটি প্রতিনিধিদল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুল মজিদের সঙ্গে তার কার্যালয়ে দেখা করে এ দাবি জানান।
বৈঠকশেষে হোসেন খালেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''বর্তমানে দেশে সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি। এ কারণে আমরা দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে চিনির মতো নিত্যপ্রয়োজনীয় কয়েকটি পণ্যের আমদানি শুল্ক সুনির্দিষ্ট করে দেওয়ার জন্য এনবিআরের নতুন চেয়ারম্যানকে অনুরোধ জানিয়েছি। তিনি বিষয়টি ভেবে দেখবেন বলে জানিয়েছেন।''
ডিসিসিআই সভাপতি বলেন, বাজেটে চিনি আমদানির ক্ষেত্রে সুনিদিষ্ট শুল্ক নির্ধারণ করে দেওয়ার ফলে বাজারে চিনির দাম এখন স্থিতিশীল রয়েছে। চিনির মতো চাল, ডাল, ভোজ্যতেল, গুঁড়ো দুধ ও পেঁয়াজসহ অতি প্রয়োজনীয় অন্যান্য পণ্য আমদানির ক্ষেত্রে অনুরূপ পদক্ষেপ নেওয়া হলে ইতিবাচক ফল পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এছাড়া দেশের অর্থনীতির স্বার্থে চেম্বারের পক্ষ থেকে এনবিআরের নতুন চেয়ারম্যানের কাছে আরও বেশ কিছু সুপারিশ পেশ করা হয়েছে বলে তিনি জানান।
গত ২০০৬-০৭ অর্থবছরের বাজেটে চিনির দাম সহনীয় পর্যায়ে রাখতে প্রতি টন চিনি আমদানির ক্ষেত্রে পাঁচ হাজার টাকা এবং অপরিশোধিত চিনির ক্ষেত্রে দুই হাজার ৫০০ টাকা শুল্ক নির্ধারণ করে দেয়া হয়। সে সময় প্রতি কেজি চিনির দাম ৭০ টাকা পর্যন্ত উঠেছিল। চলতি ২০০৭-০৮ অর্থবছরের বাজেটে অপরিশোধিত চিনি আমদানির ক্ষেত্রে নির্ধারিত শুল্ক বাড়িয়ে টন প্রতি চার হাজার টাকা করা হয়। স্বাভাবিক চিনি আমদানির শুল্ক পাঁচ হাজার টাকাই রাখা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২১৩৪ঘ.
bdnews24