২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির মামলায় সালাউদ্দিন কাদের ও মিল্লাতের বিরুদ্ধে অভিযোগ গঠন

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির মামলায় সোমবার অভিযোগ গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2007, 01:15 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির মামলায় সোমবার অভিযোগ গঠন করা হয়েছে। একইদিন পৃথক দুর্নীতির মামলায় বিএনপির সাবেক সাংসদ রশিদুজ্জামান মিল্লাত, তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন শেরে বাংলা নগরে সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সামসুন্নাহার বেগম। আদালত আগামী ১১ নভেম্বর এ মামলার সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করেছে। এ মামলায় ৪৭ জনকে সাক্ষী করেছে রাষ্ট্রপক্ষ। সালাউদ্দিন কাদের চৌধুরীকে গত ৩ ফেব্র"য়ারি গভীর রাতে গ্রেপ্তার করে যৌথবাহিনী। বর্তমানে তিনি কারাগারে আছেন। তার বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও জানা আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে গত ১৩ জুন একটি মামলা দায়ের করা হয়। রমনা থানায় মামলাটি করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আকতার হামিদ ভূঁইয়া। মামলার অভিযোগে বলা হয়, অভিযুক্ত অবৈধভাবে ৯ কোটি ৪৫ লাখ ৫২ হাজার ৬৩২ টাকার সম্পদ অর্জন করেছেন। একইসঙ্গে তিনি ৯১ লাখ ৪২ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেন। গত ১ অক্টোবর কমিশনের উপপরিচালক মো. মনিরুজ্জামান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সোমবার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. ফিরোজ আলম দুর্নীতির মামলায় রশিদুজ্জামান মিল্লাত, তার স্ত্রী সাবেরা সুরাইয়া ও ছেলে সাঈদ বিন জামালের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। আদালত আগামী ১২ নভেম্বর মামলার সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করেছেন। মামলায় রাষ্ট্রপক্ষে ৪৬ জন সাক্ষী করা হয়েছে। গত ৩ জুন কমিশনের উপপরিচালক মোবারা খানম বাদী হয়ে মিল্লাত, তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, মিল্লাত দুর্নীতি দমন কমিশনে দাখিল করা হিসাব বিবরণীতে ৪ কোটি ৯৬ লাখ ৭৯ হাজার ৭'শ ২২ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়া তিনি জানা আয়ের উৎস বর্হিভূত আরও ৫ কোটি ১৬ লাখ ৩২ হাজার ৯৮ টাকার সম্পদ অর্জন করেন। তাকে এ কাজে সহযোগিতা করেছেন তার স্ত্রী ও ছেলে। গত ২ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. ইব্রাহিম মামলার অভিযোগপত্র দাখিল করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এমএসবি/এমএ/১৯০৩ ঘ.