চট্টগ্রাম, নভেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গত ১০ মাসে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চট্টগ্রাম বন্দরের ২৫০ কোটি টাকা মূল্যমানের ১২৫৭ কাঠা জমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক বন্দর ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরী সোমবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরীর নেতেৃত্বে এ বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২টি শ্রমিক সংগঠনের কার্যালয় ও একটি ট্রাক টার্মিনালসহ ১১০টি অবৈধ স্থাপনা ও কাঠামো উচ্ছেদ করা হয়।
ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরী জানান, এ সময়কালে চট্টগ্রাম বন্দরের মালিকানাধীন নগরীর হালিশহর এলাকায় বন্দর স্টেডিয়ামের পাশে ৬৬৫ কাঠা, পতেঙ্গায় ৩৭৬ কাঠা, বন্দর মার্কেট ও কলোনিতে ১১১ কাঠা, পোর্ট এক্সেস রোডে ৯ কাঠা, মহেশ খাল সংলগ্ন এলাকায় ৪৯ কাঠা, গোসাইলডাঙ্গায় ৪ কাঠা, বিএসসি ভবনের পেছনে ১১শ বর্গফুট, সল্টগোলায় সাড়ে ১৪ কাঠা, ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকায় ২০ কাঠা এবং নিউমুরিং এলাকায় ৭ কাঠা জমি অবৈধ দখলমুক্ত করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৮৫৫ ঘ.
bdnews24