২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস্তবায়নে ধীরগতি, দুটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি বাতিল করা হতে পারে

বাস্তবায়নে ধীরগতির কারণে দুটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি বাতিল করতে পারে সরকার। এই দুটি বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, সিরাজগঞ্জের বাঘাবাড়িতে বেসরকারি প্রতিষ্ঠান ওয়েস্টমন্টের ৪০ মেগাওয়াট ক্ষমতার এবং ফেঞ্চুগঞ্জে সরকারি উদ্যোগে ৯০ মেগাওয়াটের তিন ইউনিটের একটি বিদ্যুৎ কেন্দ্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2007, 04:39 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বাস্তবায়নে ধীরগতির কারণে দুটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি বাতিল করতে পারে সরকার। এই দুটি বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, সিরাজগঞ্জের বাঘাবাড়িতে বেসরকারি প্রতিষ্ঠান ওয়েস্টমন্টের ৪০ মেগাওয়াট ক্ষমতার এবং ফেঞ্চুগঞ্জে সরকারি উদ্যোগে ৯০ মেগাওয়াটের তিন ইউনিটের একটি বিদ্যুৎ কেন্দ্র। রোববার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বিদ্যুৎ বিভাগের সার্বিক কার্যক্রম নিয়ে এক সভায় এ নিয়ে আলোচনা করা হয়। এর পাশাপাশি দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বৈঠকে অসন্তোষ প্রকাশ করা হয়। বৈঠক শেষে উপদেষ্টা তপন চৌধুরী বলেন, "চুক্তি মানতে হবে, না হলে বাতিল করে দেবো। মেঘনা ঘাট-২ বিদ্যুৎ কেন্দ্র চালু করতে সরকারি-বেসরকারি অশিংদারিত্বের চিন্তা ভাবনা করা হচ্ছে। এজন্য আইনগত প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে। এতে স্থানীয় উদ্যোক্তারা থাকবেন।" নাম প্রকাশ না করার শর্তে বৈঠকে উপস্থিত মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ওয়েস্টমন্টের ৪০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র ও ফেঞ্চুগঞ্জে মোট ৯০ মেগাওয়াটের তিন ইউনিটের একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ধীর গতি নিয়ে বৈঠকে আলোচনা করা হয়। প্রকল্প বাস্তবায়নে ধীর গতির জন্য প্রকল্প পরিচালককে বরখাস্ত করা ও ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিল সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। ওই কর্মকর্তা জানান, বাঘাবাড়িতে ওয়েস্টমন্ট এর উদ্যোগে ৮৫ ভাগ কাজ দুবছর আগেই শেষ হয়েছে। বাকি কাজ শেষ করার জন্য সরকারের পক্ষ থেকে বারবার তাগাদা দেওয়া হলেও তা শেষ করা হয়নি। সরকার সর্বশেষ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। এরপর আর সময় বাড়ানো হবে না। এর মধ্যে কাজ শেষ না হলে চুক্তি বাতিলের বিষয়ে চিন্তা ভাবনা করছে সরকার। অপরদিকে ফেঞ্চুগঞ্জে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) অর্থায়নে মোট ৯০ মেগাওয়াটের তিনটি ইউনিটের বাস্তবায়ন কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়। হারবিন কোম্পানি কাজটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে। সিলেটে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নিয়েও আলোচনা করা হয় বৈঠকে। গত সেপ্টেম্বরে বিদ্যুতের উৎপাদন বেড়ে ৪১৩০ মেগাওয়াট হয়েছিল কিন্তু এখন তা কমে ৩৩০০ মেগাওয়াটে এসে দাঁড়িয়েছে। এজন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধির কাছে ব্যাখ্যা চাওয়া হয় বৈঠকে। ওই কর্মকর্তা আরো জানান, পিডিবির ব্যাখ্যায় বলা হয়েছে ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে ২১০ মেগাওয়াট, সিদ্ধিরগঞ্জে ২১০ মেগাওয়াট, টঙ্গিতে ৮০ মেগাওয়াট, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে ১২৫ মেগাওয়াট উৎপাদন কমে গেছে। এছাড়া কাপ্তাইয়ে উৎপাদন ২৪২ থেকে ২২০ এ নেমে এসেছে। তাই বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে। তবে পিডিবির এ ব্যাখ্যায় উপদেষ্টা সস্তুষ্ট হতে পারেননি। উপদেষ্টা জানান, সংরক্ষণ ও মেরামতে থাকা বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট নির্ধারিত সময়ে চালু হচ্ছে না। এর মধ্যে রয়েছে হরিপুর বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিট। এটি ফেব্রুয়ারিতে চালু হওয়ার কথা ছিল। এখন জুনের দিকে চালু হবে। খুলনা বিদ্যুৎ কেন্দ্রের ৬০ মেগাওয়াটের একটি ইউনিট ডিসেম্বর থেকে চালু হবে। ঘোড়াশালের ৫৫ মেগাওয়াটের একটি ইউনিট ১৫ নভেম্বরের পরিবর্তে ৩০ নভেম্বর থেকে চালু হবে। শাহজীবাজারের একটি ইউনিট ৩০ নভেম্বর থেকে চালু হবে। বাঘাবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের ৭০ মেগাওয়াটের ১টি ইউনিট ১৫ জানুয়ারি থেকে চালু হবে। আশুগঞ্জের ৩৪ মেগাওয়াটের একটি ইউনিট ৮ নভেম্বর থেকে চালু হবে। এছাড়া খুলনা বার্জ মাউন্টেন বিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিট অচল হয়ে পড়েছে। আর চালু না হওয়ার আশঙ্কা করছেন প্রকৌশলীরা। এরপরও চেষ্টা হচ্ছে চালু করার জন্য। বৈঠকে জানানো হয়, বেসরকারি খাতে বিবিয়ানা, সিরাজগঞ্জ ও মেঘনা ঘাট-৩ বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি আগামী বছরের অক্টোবরের মধ্যে ও ৩০০ মেগাওয়াটের 'রেন্টাল পাওয়ার প্লান্টের' চুক্তি আগামী মার্চ-এপ্রিলে সম্পন্ন হবে। এছাড়া জনবল প্রশিক্ষণে বিদ্যুৎ খাতের জন্য প্রাপ্ত ৫০ লাখ ডলার ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। এ টাকা বিশেষায়িত কাজ শেখানোর জন্য ব্যয় করা হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/এমএইচবি/২২০৭ ঘ.