ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- হোটেল পূর্বানী ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান জয়নাল ও তার বান্ধবী মডেল জান্নাতুল ফেরদৌস নিকি ওরফে এনিকে গ্রেপ্তার করেছে র্যাব। ইয়াবা ব্যবসায় জড়িত সন্দেহে কয়েকদিন ধরে এ দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছিল র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিকিকে রোববার সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালতের বাইরে থেকে গ্রেপ্তার করা হয়। এর ঘণ্টাখানেক পর গ্রেপ্তার হন জয়নাল। নিকি গ্রেপ্তার হওয়ার মুহূর্তে তিনি আদালতের ভেতরে ঢুকে আত্মসমর্পণের চেষ্টা চালান। কিন্তু কার্যদিবসের সময় শেষ বলে কর্মকর্তারা জানালে আদালত থেকে বের হয়ে আসার মাত্রই তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৩ এর অধিনায়ক উইং কমান্ডার সুলতান মোহাম্মদ নূরানী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান। (আরও তথ্যসহ)
উইং কমান্ডার সুলতান মোহাম্মদ নূরানী বলেন, "রোববার সকাল থেকেই আমরা দুজনকে অনুসরণ করছিলাম। তারা যাতে আত্মসমর্পণ করতে না পারে সে জন্য আদালতের বাইরে র্যাবের কয়েকটি দল অবস্থান নিয়েছিল। বিকেল পাঁচটার দিকে নিকি ও জয়নাল একটি গাড়িতে করে আদালতে ঢোকার চেষ্টা করে। এ সময় র্যাব সদস্যরা নিকিকে আটক করলে সেখানে ভিড় জমে যায়। এই ফাঁকে জয়নাল আদালতে ঢুকে পড়েন। কিন্তু আদালতের কর্মচারীরা আদালতের কার্যক্রমের সময় শেষ হয়ে যাওয়ার কথা জানালে এক ঘণ্টা পর জয়নাল ৬টার দিকে আদালত থেকে বের হয়ে আসে। এ সময় র্যাব তাকে গ্রেপ্তার করে।"
র্যাব-৩ এর কর্মকর্তা মেজর ইমরুল কায়েস চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে রোববার সন্ধ্যায় বলেন, "নিকিকে আমরা আটক করেছি। সে বর্তমানে আমাদের হেফাজতে আছে। রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।"
এর আগে র্যাব-৩ এর সদস্যরা জয়নাল ও তার বান্ধবী নিকিকে ধরতে সোমবার রাতভর জয়নালের ধানমন্ডির বাসায় অভিযান চালায়। পরদিন মঙ্গলবার দুপুর পর্যন্ত ওই বাসায় তল্লাশিতে প্রায় সাড়ে ২৮ কোটি টাকার দেশি-বিদেশি মুদ্রা, বিপুল পরিমাণ সোনা ও হীরার গহনা, মদ, অস্ত্র ও ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার হয়। র্যাবের দেওয়া তথ্য মতে নিকি জয়নালের বান্ধবী হিসেবে কয়েক বছর ধরে ওই বাসায় থাকছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এলএইচ/এমএইচবি/১৯০২ ঘ.
bdnews24