ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দারিদ্র্য বিমোচনে বিশ্বব্যাংক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
বিশ্বব্যাংকের তীব্র সমালোচনা করে তিনি বলেছেন, "যে লক্ষ্য সামনে রেখে বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল সে লক্ষ্যে তা পৌঁছুতে ব্যর্থ হয়েছে। দারিদ্র্য বিমোচনে ব্যাংকটি লক্ষ্য অর্জন করতে পারেনি।"
বিশ্বব্যাংকের সফররত প্রেসিডেন্ট রবার্ট জেলিকের সঙ্গে গ্রামীণ ব্যাংকের সদর দপ্তরে এক বৈঠকশেষে ড. ইউনূস এসব বলেন। তবে এ সময় বিশ্বব্যাংক প্রেসিডেন্ট সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অপারগতা জানান।
শনিবার বিশ্বব্যাংক প্রধান রবার্ট জেলিক ঢাকায় দুই দিনের সফরে আসেন। এর আগে তিনি ভারত ও পাকিস্তান সফর করেন।
নোবেলজয়ী ড. ইউনূস বলেন, "৬০ বছর আগে বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। এ দীর্ঘ সময়ে বিশ্বে অনেক পরিবর্তন এসেছে, তবে বিশ্বব্যাংকের নীতিমালায় কোনো পরিবর্তন আসেনি।"
এ পরিস্থিতিতে বিশ্বব্যাংকের নীতিমালায় আমূল পরিবর্তনে সংস্থাটির প্রধানকে ড. ইউনূস পরামর্শ দেন।
গ্রামীণ ব্যাংক প্রধান ড. ইউনূস ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনার জন্য যথেষ্ট অর্থ ঋণ সহায়তা না দেওয়ার জন্য বিশ্বব্যাংকের সমালোচনা করে বলেন, "বিশ্বব্যাংক প্রতিবছর গড়ে ২০ বিলিয়ন মার্কিন ডলারের মতো ঋণ দিয়ে থাকে। এর মধ্যে মাত্র এক শতাংশ দেওয়া হয় মাইক্রো ক্রেডিট ও ক্ষুদ্র ঋণের সঙ্গে সম্পৃক্ত সংস্থাকে।"
তিনি বিশ্বব্যাংক প্রধানকে ঋণ প্রদানের এ হার এক শতাংশ থেকে বাড়িয়ে পাঁচ শতাংশ করার পরামর্শ দেন। এ ছাড়া, বিশ্বব্যাংক প্রধানকে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশসমূহকে সহায়তা করা ও আর্থিক নীতি সংষ্কারেরও পরামর্শ দেন তিনি।
ড. ইউনূস বলেন, "ঋণ দিয়ে বিশ্বব্যাংক যেসমস্ত শর্ত জুড়ে দেয় তা অনেকক্ষেত্রে ঋণ গ্রহীতাদের বিপাকে ফেলে।"
২০০৭ সালের ১ জুলাই রবার্ট জেলিক বিশ্বব্যাংকের ১১তম প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পান।
এদিকে, রোববার সকালে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) পরিদর্শন করেছেন।
বেপজার নির্বাহী চেয়ারম্যান আশরাফ আব্দুল্লাহ ইউসুফ জোন সার্ভিস কমপ্লেক্সে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টকে ইপিজেড সম্পর্কে বিস্তারিত জানান ।
এ সময় জেলিকের সঙ্গে বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্টে প্রফুল্ল সি প্যাটেল ও ব্যাংকের বাংলাদেশে নিযুক্ত আবাসিক প্রতিনিধি মি. জুয়ান জু ছিলেন।
পরে বেপজার চেয়ারম্যান উপস্থিত সাংবাদিকদের জানান, রবার্ট জেলিক ডিইপিজেডের বিদ্যমান শান্তিপূর্ণ উৎপাদন পরিবেশ দেখে মুগ্ধ হয়েছেন এবং তিনি বাংলাদেশের ইপিজেডের সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসআর/এএল/এমএ/১৬০৪ ঘ.
bdnews24